কুমারেশ রায়, মেদিনীপুর, ১ জুলাই: রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে ঘাটাল বিধানসভার ছয় নম্বর অঞ্চলের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সন্ত্রাস শুরু হয়। তার জের এখনও চলেছে। বেশিরভাগ ক্ষেত্রে বিজেপি নেতা ও কর্মীদের মারধরের ঘটনায় অভিযোগ ওঠে শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে। ঘাটাল ব্লকের ৬ নম্বর অঞ্চলের রঘুনাথপুরে বিজেপি কার্যকর্তার ওপর রাজনৈতিক হামলার একটি ঘটনা সামনে এসেছে। ওই কার্যকর্তার নাম শক্তিপদ দোলুই। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোটের ফলাফল ঘোষণার পরে শক্তিপদবাবুর বাড়িতে ব্যাপক হামলা চালায় এবং শক্তিপদবাবুর ডান হাতে টাঙ্গির কোপ মারে। এর ফলে শক্তিপদবাবুর ডান হাতের হাড় পর্যন্ত কেটে যায়। এ ছাড়াও শক্তিপদ বাবুর বাড়ির লোকজনের ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ।

১ জুলাই ঘাটাল বিধানসভায় বিজেপি বিধায়ক শীতল কপাট শক্তিপদবাবুর বাড়িতে তার সঙ্গে দেখা করতে যান। বিধায়ক বলেন, বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকে তৃণমূল কংগ্রেস নজিরবিহীনভাবে রাজ্যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমাদের কার্যকর্তা শক্তিপদ দোলুইয়ের ওপর নৃশংস আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। তাকে দেখার জন্য আমরা আজ শক্তিপদবাবুর বাড়ি গিয়েছিলাম এবং তার চিকিৎসার সুব্যবস্থা করার জন্য রাজ্য নেতৃত্বের সাথে কথা বলবো। পাশাপাশি দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ঘাটাল থানায় আমরা জোরালো আবেদন করব। বিধায়ক রাজনৈতিক আক্রমণ গুলির ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও করেন।


