কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ২১ মে:
মনসুকার বাঘা নালা গ্রামে বিজেপির কার্যকর্তা এবং চিকিৎসক কিঙ্কর ঘড়ির দীর্ঘদিন বন্ধ থাকার চেম্বার খুলতে গিয়ে আক্রান্ত হলেন বিধায়ক শীতল কপাট। অভিযোগ ওই চিকিৎসকের চেম্বার দীর্ঘদিন তুলতে দিচ্ছিল না তৃণমূল কংগ্রেসের লোকজন। সেই চেম্বার খুলতে গিয়েছিলেন বিজেপি বিধায়ক শীতল কপাট।
এলাকায় পৌঁছানোর পর বিধায়ক এবং বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের কংগ্রেসের দিকে। বোমায় আহত হন বিধায়ক শীতল কপাট। তাঁকে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনাকে সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেন ঘাটালের তৃণমূল নেতা শঙ্কর দলুই। শংকরবাবু বলেন এটি সম্পূর্ণ সাজানো ঘটনা। বর্তমান বিধায়ক শীতলবাবু বেশ কয়েকদিন ধরে ঘাটালের বিভিন্ন জায়গায় বাইক মিছিল করে একশো দেড়শো লোকের জমায়েত করছেন। তিনি কভিড আইন লঙ্ঘন করছেন। এর বিরুদ্ধে রাধানগরের সাধারণ কয়েকজন মানুষ ওনার বিরুদ্ধে ঘাটাল থানায় এফআইআর করেছে। কভিড আইন থেকে বাঁচার জন্য তিনি এই নাটক করেন। শঙ্করবাবু আরো বলেন, যেখানে রাজ্যে লকডাউন চলছে, জমায়েত করা বারণ সেখানে বিধায়ক তিন চার দিন ধরে এই ধরনের ঘটনা ঘটিয়ে চলেছেন।

