উত্তর দিনাজপুর জেলায় এগ্রো ইন্ডাস্ট্রিজ গড়ার জন্য বিধানসভায় প্রস্তাব বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২০ জুলাই:
কৃষি ভিত্তিক উত্তর দিনাজপুর জেলায় এগ্রো ইন্ডাস্ট্রিজ গড়ার জন্য বিধানসভায় প্রস্তাব দিয়েছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। মঙ্গলবার তাঁর নিজস্ব অফিসে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান এই বিজেপি বিধায়ক। বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকারকে পাশে নিয়ে এক সাংবাদিক সম্মেলনে কৃষ্ণ কল্যাণী বলেন, উত্তর দিনাজপুর জেলা মূলত কৃষিভিত্তিক জেলা। এই জেলার উৎপাদিত ভুট্টা থেকে শুরু করে সোয়াবিন, মাখনা জাতীয় শস্য দ্বারা নির্মিত কারখানা নির্মাণের জন্য রাজ্য বিধানসভায় প্রস্তাব দিয়েছেন তিনি।

তিনি বলেন, জেলা সদর রায়গঞ্জ শহরে কৃষিভিত্তিক উৎপাদিত সামগ্রীর বিশাল বাজার রয়েছে। ফলে জেলায় অ্যাগ্রো ইন্ডাস্ট্রি গড়ার প্রবল সম্ভাবনা আছে। এর পাশাপাশি রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলায় করোনা আবহে ধুকতে থাকা অন্যান্য শিল্প প্রতিষ্ঠানগুলোকে রাজ্য সরকারের জিএসটি ছাড় দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছেন। বিজেপি বিধায়ক এও বলেন, রায়গঞ্জে এইমস হাসপাতাল নির্মাণের বিষয় নিয়ে ইতিমধ্যেই দু’ দুবার তিনি দিল্লি গিয়ে দরবার করে এসেছেন। আগামী ছয় সাত মাসের মধ্যে রাজ্য সরকারের কাছে রায়গঞ্জে এইমস হাসপাতালের জন্য জমি চাওয়া হবে বলে জানিয়েছেন কৃষ্ণ কল্যাণী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *