সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৪ আগস্ট: ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকায়। অভিযোগ ভ্যাকসিন দেওয়া নিয়ে স্বজনপোষণ করছে তৃণমূল নেতারা। খবর পেয়ে বিধায়ক স্বপন মজুমদার ঘটনাস্থলে গেলে তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। ঘটনাটি বুধবার সকালে গোপালনগরের পাল্লা দেবরাণী বালিকা বিদ্যালয়ের।
স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে পাল্লা দেবরাণী বালিকা বিদ্যালয়ে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছিল সুপার স্প্রেডারদের। এই কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল। সেখানে তৃণমূলের নেতা কর্মীদের পরিচিতদের বেলাইনে দাঁড় করিয়ে ভ্যাকসিন দেওয়া হয়। যারা ভ্যাকসিন নেওয়ার জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকেন, শেষে তাঁরা জানতে পারেন আজ তাদের ভ্যাকসিন দেওয়া হবে না। এই ঘটনায় পরই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ ক্ষিপ্ত ওঠেন।

খবর পেয়ে সেখানে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার প্রতিবাদ করতে গেলে গোলমাল চরমে ওঠে। বিধায়ক স্বপন মজুমদারকে এলাকার কিছু দুষ্কৃতী হেনস্থা করে বলে অভিযোগ। স্বপনবাবু বলেন, ভ্যাকসিন নিয়ে অনিয়ম হচ্ছে। বেছে বেছে তৃণমূলের আত্মীয়স্বজন ও তাদের পরিচিতদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। অভিযোগ, পাল্টা অভিযোগে বিজেপি এবং তৃণমূল নেতা, কর্মীরা একে অপরের সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়ে যান। মুহূর্তের মধ্যে এলাকায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষ এবং বিক্ষোভকারীদের বিষয়টি বোঝানোর পর পরিস্থিতি আয়ত্বে আসে।
এদিকে, এদিন সকাল থেকে দীর্ঘ সময় ধরে লাইনে অপেক্ষা করেও ভ্যাকসিন না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন গাইঘাটার চাঁদপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন নিতে আসা মানুষরা। তাঁদের অভিযোগ, ভোরবেলা থেকে অপেক্ষা করেও ভ্যাকসিন মিলছে না। অথচ তৃণমূলের স্থানীয় এক নেত্রীর পরিচিতরা প্রতিদিন ভ্যাকসিন পেয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে গাইঘাটা ব্লক স্বাস্থ্য আধিকারিক সুজন গাইন জানান, স্টকে ভ্যাকসিন না থাকায় এদিন ক্যাম্প বন্ধ রাখতে হয়। পরে তাদের সমস্যার কথা বুঝিয়ে বলা হয়।


