সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,
২৭ ডিসেম্বর: রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির গড়লেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক। মুমূর্ষু ৮০ বছরের বাম নেতার ভালো চিকিৎসার জন্য তদারকি করতে হাসপাতালে গেলেন বিধায়ক নিজেই। তাঁর কথায় রাজনীতি রাজনীতির জায়গায়, সৌজন্য, দায়িত্ববোধ সম্পূর্ণ আলাদা। বর্ষীয়ান বাম নেতা মুমূর্ষু অবস্থায় উত্তর ২৪ পরগনার বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে
বনগাঁ মহকুমা হাসপাতালে ছুটে গেলেন বিধায়ক অশোক কীর্তনীয়া।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, গণতন্ত্রের রাজনীতিতে একটা মূল্যবোধের জায়গা আছে। এক সময় পশ্চিমবঙ্গে রাজত্ব করতো বামফ্রন্ট। সেই বামফ্রন্টের বনগাঁর প্রাক্তন এলসিএস তথা প্রাক্তন জেলা পরিষদের সদস্য ৮০ বছরের অমিত মন্ডল অসুস্থ হয়ে মুমূর্ষু অবস্থায় বনগাঁ হাসপাতালে ভর্তি রয়েছেন। খবর পেয়েই সোমবার বনগাঁ হাসপাতালে যান বিজেপি বিধায়ক অশোক কির্তনীয়া এবং ওই বর্ষীয়ান নেতা অমিত মন্ডলের সঙ্গে দেখা করেন ও তার পরিবারের সঙ্গে কথা বলেন। চিকিৎসার কোনও গাফিলতি যাতে না হয় তার জন্য হাসপাতাল সুপারের সঙ্গেও কথা বলেন। এমনকি অন্যান্য চিকিৎসাকদের সঙ্গেও কথা বলেন অশোকবাবু। তাকে যেন উন্নত পরিষেবা দেওয়া হয়। তাঁর পরিবারের পাশে দাঁড়িয়ে আশ্বস্থ করলেন অশোকবাবু।
অমিতবাবুর বড়ো জামাই শুকদেব শাঁখারী জানান, আমার শ্বশুর মশাই এক সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ অবস্থায় বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি। তিনি সিপিএমের জেলা পরিষদের সদস্য। অর্থনৈতিক অবস্থাও খুব ভালো না। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিজেপির বিধায়ক অশোক কীর্তনীয়া তাকে দেখতে হাসপাতালে আসেন, এবং তাঁর চিকিৎসার অগ্রগতির ব্যাপারে তিনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন।

