আমাদের ভারত, ২১ ফেব্রুয়ারি:রাত পোহালেই রাজ্যে পা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তার আগেও সারাদিন ধরে দিল্লিতে পশ্চিমবঙ্গকে নিয়েই ব্যস্ত থাকছেন তিনি। ভোটের ব্লু-প্রিন্ট তৈরিতে ব্যস্ত বিজেপি নেতারা। রবিবার দিল্লিতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের যোগ দিয়েছেন মোদী। তবে সেখানে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার বদলে এবার আলোচনার মূল বিষয় পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু পদুচেরি মতো পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। সূত্রের খবরের বৈঠকের সিংহভাগ জুড়ে রয়েছে পশ্চিমবঙ্গ।
দিনভর চলা এই বৈঠকে পশ্চিমবঙ্গের নির্বাচনে দলের রণকৌশল কি হওয়া উচিত তা নিয়ে বিশদে আলোচনা হবে। বৈঠকে নিজের মতামত দেবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। এই বৈঠকের বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ কেন্দ্রীয় নেতৃত্বরা উপস্থিত থাকবেন। এছাড়াও উপস্থিত থাকবেন সব রাজ্যের পর্যবেক্ষক, সভাপতিরা। পশ্চিমবঙ্গ এখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সেখানে যাওয়ার কথা থাকলেও তিনি যেতে পারেননি। তিনি সাহাগঞ্জে মোদী সফরের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। এছাড়া নির্বাচনের দায় দায়িত্ব রয়েছে। তবে প্রতি নিয়ত তিনি বৈঠকের খবর নিচ্ছেন।
বিজেপির এই পরিকল্পনা বৈঠকে মূলত এই ৫ রাজ্যে বিজেপির প্রচার কৌশল এবং সেখানে নেতৃত্বের ভূমিকা কি হবে তা ঠিক হবে। এ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ কে পাখির চোখ করেছে বিজেপি। অমিত শাহ বলেছেন দু’শোর বেশি আসনে তারা জিতবে। কেরলে ক্ষমতায় বামেরা সেখানেও ভালো ফল করতে মরিয়া বিজেপি। তামিলনাড়ুতে জোট সঙ্গী এআইডিএমকে এর সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে বিজেপি।অন্যদিকে দ্বিতীয়বারের জন্য অসমে সরকার ধরে রাখার চ্যালেঞ্জ রয়েছে তাদের কাছে। পদুচেরিতে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা দখল করতে চাইছে বিজেপি
২০১৪-য় কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমবঙ্গকে টার্গেট করেছে বিজেপি নেতৃত্ব।২০১৬-য় দলের ভিত এখানে মজবুত করার লক্ষ্যে এগোলেও ক্ষমতা দখলের স্বপ্ন অধরা থেকে গেছে পদ্ম শিবিরের। কিন্তু একুশের নির্বাচনের আগে জমি অনেকটাই শক্ত করতে পেরেছেন তারা। ফলে নীলবাড়ি দখলে তৃণমূল ভাঙিয়ে দলভারী করতেও দ্বিধা করছেন না রাজ্য বিজেপি নেতৃত্ব।
এদিকে দু’দিন অন্তর রাজ্য সফরে আসছেন মোদী- শাহ দুজনেই। কলকাতায় এসে শাহ নিজেও বলেছেন, পশ্চিমবঙ্গ উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। এছাড়াও এই রাজ্যে একাধিক আন্তর্জাতিক সীমান্ত রেখা রয়েছে। সেই কারণে পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন তারা।

