“বিজেপি মানেই সর্বনাশ”, বললেন মমতা

আমাদের ভারত, কালনা, ৯ ফেব্রুয়ারি: যারা গেছে ভালোই হয়েছে। বিজেপি তাদের নিয়েছে। কিছুদিন পরে টের পাবে। কালনার জনসভা থেকে নাম না করে দলত্যাগী বিধায়কদের উদ্দেশ্যে একথা বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালনার বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠের মাঠে জনসভা করতে আসেন তৃণমূল সুপ্রিমো। এদিন জনসভায় লক্ষাধিক লোকের সমাগম হয়েছিল বলে দাবি তৃণমূল নেতৃত্বের।

কালনার জনসভাতেই তৃণমূল কংগ্রেসে যোগদান প্রাক্তন পুলিশ কমিশনার হুমায়ুন কবীরের। এদিন জনসভা থেকে বিজেপিকে একহাত নেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, বিজেপি মানেই সর্বনাশ। কোনও ভাবেই বিজেপি এরাজ্যে যাতে না আসে সে ব্যবস্থা করতে হবে। তিনি বুঝিয়ে দেন ধর্মের নামে কুৎসা করছে বিজেপি। কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্র কৃষি আইন নিয়ে এসেছে। সেই কৃষি আইন বাতিল করতে হবে। যতদিন না পর্যন্ত কৃষি আইন বাতিল হচ্ছে ততদিন পর্যন্ত আমরা কৃষকদের আন্দোলনকে সমর্থন করে যাব। আমরা অবশ্যই কৃষকদের পাশে আছি। এরপরে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করতে চাইছে বিজেপি। বাইরে থেকে লোক নিয়ে এসে বিজেপি নাটক করছে। বহিরাগতরা রাজ্যে এসে মিথ্যে কথা বলছে, তাই কোনও ভাবেই বিজেপিকে ভোট দেওয়া যাবে না। সেইসঙ্গে সিপিএম এবং কংগ্রেসকে যাতে কেউ না ভোট দেয় সেই আবেদন করেন তৃণমূল নেত্রী।

দলত্যাগী বিধায়কদের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি অন্যায়কে প্রশ্রয় দিই না তাই অনেকেই বুঝতে পেরেছিল তাদের এবার টিকিট দেওয়া হবে না। তারা সুযোগ বুঝে বিজেপিতে লাফ মেরেছে। বিজেপি থেকে সাবধান। এই বিজেপি বাংলাকে শ্মশানে পরিণত করবে। তাই মানুষ ভোট দেবে একটাই সেটা তৃণমূল কংগ্রেসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *