“নভেম্বর ডিসেম্বর মাসে রাজ্যে হিংসা ছড়াতে পারে বিজেপি,” মন্ত্রীদের সতর্ক করে বললেন মমতা

আমাদের ভারত, ২ নভেম্বর: পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য হিংসা ছড়ানোর চেষ্টা করবে বিজেপি। রাজ্যের মন্ত্রীদের এভাবেই সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আশঙ্কা নভেম্বর ডিসেম্বর মাসে হিংসা ছড়ানোর চেষ্টা করবে পদ্ম শিবির।

ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের সব দল। কিছুদিন ধরেই শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক নেতারা বলছেন, ডিসেম্বর মাসে মাইনে দিতে পারবে না এই সরকার। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

পুজোর ছুটি শেষে মন্ত্রিসভার বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে মন্ত্রীদের সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, নভেম্বর ডিসেম্বর মাসে সতর্ক থাকতে হবে। মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের সতর্ক করার পাশাপাশি মমতা বলেন, প্রশাসনিক ভাবেও রাজ্যে গোলমাল সৃষ্টি করার চেষ্টাকে আটকাতে হবে। এর জন্য খোঁজ খবর নিয়ে আগে থেকেই তৈরি থাকতে হবে। কোথাও কোনো গোলমাল হলে তার প্রভাব গোটা রাজ্যে পড়তে পারে। তার জন্য মন্ত্রীদের তাদের নিজে নিজের এলাকায় চোখ কান খোলা রাখতে হবে।

বৈঠকে মুখ্যমন্ত্রী আরোও নির্দেশ দেন, মেলার খরচ কমিয়ে ১০০ দিনের কাজে তা খরচ করতে হবে। ১০০ দিনের কাজে কেন্দ্র টাকা দিচ্ছেন না বলে অভিযোগ করে আসছেন মুখ্যমন্ত্রী। এপ্রিল মাস থেকে ১০০ দিনের কাজের টাকা পায়নি রাজ্য সরকার। অন্যদিকে বিজেপির দাবি ওই কাজের কোনো হিসেব রাজ্য সরকার কেন্দ্রকে দেয়নি তাই টাকা আটকে গিয়েছে। এই নিয়ে আজ মন্ত্রীদের মমতা বলেন, প্রতিটি দফতরের যেখানে সুযোগ রয়েছে সেখানে ১০০ দিনের কাজের লোকজনকে ব্যবহার করতে হবে। মেলার খরচ কমিয়ে আনতে হবে। মমতা বলেন, শ্রমমেলার খরচ কমাতে হবে। অন্যান্য মেলার খরচ কমিয়ে ১০০ দিনের কাজে খরচ করতে হবে।

একই সঙ্গে তিনি জানিয়ে দেন, মুখ্যমন্ত্রীকে না জানিয়ে কোনো সরকারি প্রকল্পের ঘোষণা করা যাবে না। সম্প্রতি মুখ্যমন্ত্রীকে না জানিয়ে মৎস্যজীবীদের ক্রেডিট কার্ড দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। পরিবহন দপ্তরের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। নতুন রূপে অনেক বাস চালু করা হচ্ছে, যা নবান্নকে জানানো হচ্ছে না। এর ফলে নতুন করে চাপ সৃষ্টি হচ্ছে অর্থ দপ্তরের উপর। এই জন্যই প্রকল্প ঘোষণার আগে তা মুখ্যমন্ত্রীকে জানাতেই হবে বলে নির্দিষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *