সাথী দাস, পুরুলিয়া, ৭ অক্টোবর: দলীয় নেতাদের সঙ্গে নিয়ে জেলাশাসকের কক্ষ পর্যন্ত অভিনব কায়দায় কর্মসূচি পালন করলেন বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। উল্টো ভাবে হেঁটে বিক্ষোভ দেখাল পুরুলিয়া জেলা বিজেপি। রাজ্যে পেট্রোপণ্যেয় জিএসটি লাগুর দাবিতে তাঁদের এই বিক্ষোভ।
তার আগে জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশ পথে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। রাজ্যে জিএসটি লাগুর দাবি, বিদ্যুৎ বিল ইউনিট প্রতি দাম কমানো সহ একাধিক দাবিতে জেলাশাসকের দপ্তরের বাইরে অবস্থান বিক্ষোভ করে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন বিজেপি নেতারা। জেলাশাসক দফতরে বিভিন্ন দাবি দাওয়া ভিত্তিক একটি স্মারকলিপিও দেন তারা।

বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, “রাজ্যে জিএসটি লাগু না হওয়ায় রাজ্যে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি হয়ে চলেছে। অন্যান্য রাজ্যের তুলনায় বিদ্যুতের বিল বেশি এই রাজ্যে।” উল্টো ভাবে হাঁটার কারণ হিসেবে বিদ্যাসাগর বলেন, “কেন্দ্রের বিপরীত অর্থ্যাৎ উল্টো কাজ করার জন্য এটা তৃণমূলের উদ্দেশ্যে কটাক্ষ।”

