মনোনয়নে অশান্তি অব্যাহত! সোনামুখীতে নিগৃহীত বিজেপির মন্ডল সভাপতি, বিষ্ণুপুরে রাস্তা অবরোধ সাংসদ ও বিধায়কদের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১২ জুন:
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলে যে ভাবে অশান্তি হচ্ছে তা নিয়ে সুষ্ঠ নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে। আজ মনোনয়ন পত্র দাখিলের তৃতীয় দিনেও অশান্তি অব্যাহত। মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে তৃণমূলের হাতে নিগৃহীত হওয়ার অভিযোগ উঠেছে সোনামুখীতে। মাথা ফেটে জখম বিজেপির মন্ডল সভাপতি। অপরদিকে বিষ্ণুপুরে সংসদীয় ক্ষেত্রের কোতুলপুরে মনোনয়ন জমা দিতে না পেরে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান
বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও বিধায়ক হরকালী প্রতিহার।
আজ সকালে সোনামুখী ব্লক অফিসে মনোনয়ন পত্র জমা দিতে যায় বিজেপির প্রার্থীরা।ওই সময় একদল দুষ্কৃতী তাদের উপর ঝাঁপিয়ে পড়ে।রড, লাঠি, বল্লম নিয়ে আক্রমণ করে তারা। তাদের বাধা দিতে গিয়ে বিজেপির সোনামুখী মন্ডলের সভাপতি চঞ্চল সরকারের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাকে চিকিৎসার জন্য বাঁকুড়া নিয়ে যাওয়া হয়।

বিজেপি বিধায়ক নিলার্দ্রী দানা বলেন, সন্ত্রাস সৃষ্টি করে তৃণমূল ভাবছে পঞ্চায়েত দখল করবে, সন্ত্রাস যতই হোক মানুষ বিজেপির সাথে আছে।

অন্যদিকে কোতুলপুরে মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের আটকে রাখা হয় বলে অভিযোগ। ফলে তারা মনোনয়ন জমা দিতে
পারেননি। এই ঘটনার প্রতিবাদে কোতুলপুরের বাঘজোলায় রাস্তা অবরোধ করেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। রাস্তা অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয়, ছড়ায় উত্তেজনা।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পদস্থ পুলিশ আধিকারিকরা হাজির হন।আগামীকাল বিজেপি প্রার্থীদের মনোনয়ন দাখিলের ব্যবস্থার প্রতিশ্রুতি পেয়ে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। আগামীকালও যদি মনোনয়ন পত্র জমা দেওয়ায় বাধা দেওয়া হয় তবে সারা বিষ্ণুপুর এলাকা অবরোধ করে দেওয়ার হুমকি দেন সাংসদ সৌমিত্র খাঁ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *