রাজ্যে টিকা নিয়ে কালোবাজারি ও নারী নির্যাতনের প্রতিবাদে শিলিগুড়িতে আইন অমান্য আন্দোলন বিজেপি মহিলা মোর্চার

আমাদের ভারত, শিলিগুড়ি, ১২ আগস্ট: রাজ্যজুড়ে টিকা নিয়ে কালোবাজারি ও রাজ্যের বিভিন্ন জায়গায় নারীদের উপর নির্যাতনের অভিযোগ তুলে রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছিল বিজেপি মহিলা মোর্চা।
একইভাবে শিলিগুড়িতেও আইন অমান্য আন্দোলন করল দার্জিলিং জেলা বিজেপি মহিলা মোর্চা। বৃহস্পতিবার শিলিগুড়ির হিলকার্ট রোডে মিছিল করে শিলিগুড়ি সাংগঠনিক মহিলা মোর্চার সদস্যরা মহকুমাশাসকের দফতরে যান। দফতরের কাছাকাছি যেতেই পুলিশের ব্যারিকেডে বাধা পান বিজেপি কর্মীরা। প্রথমে পুলিশের সঙ্গে বচসা ও পরে ধস্তাধস্তিও হয়। মহিলারা ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বাধাপ্রাপ্ত হয়। পরে তাদের পুলিশ গ্রেফতার করে।

মহিলা বিজেপি কর্মীদের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও সারা রাজ্যে মহিলাদের উপর নির্যাতন হচ্ছে। এছাড়াও প্রতিষেধক নিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই অবস্থার পরিবর্তন চেয়েই এই বিক্ষোভ বলে জানান তাঁরা। এদিন সকল বিজেপি মহিলা কর্মীরা কালো শাড়ি, কালো শালোয়ার পরে প্রতিবাদে সামিল হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *