অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১২ আগস্ট: রাজ্যজুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে বিজেপির মহিলা সংগঠন ভারতীয় জনতা মহিলা মোর্চার ঝাড়গ্রাম জেলা কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড় এলাকায় আইন অমান্য কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির ঝাড়গ্রাম জেলার সভাপতি তুফান মাহাত, জেলা সাধারণ সম্পাদক অবনী ঘোষ ও ভারতীয় জনতা মহিলা মোর্চার ঝাড়গ্রাম জেলার সভাপতি রিমঝিম সিং। তবে বিজেপি মহিলা মোর্চার কর্মীদের চেয়ে পুলিশের উপস্থিতি ছিল বেশি। যার ফলে ভারতীয় জনতা মহিলা মোর্চার আইন অমান্য কর্মসূচি ঘিরে কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিজেপির ঝাড়গ্রাম জেলার সাধারণ সম্পাদক অবনী ঘোষ বলেন, রাজ্যজুড়ে প্রতিনিয়ত নারী নির্যাতনের ঘটনা ঘটছে অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। তা সত্বেও নারী নির্যাতনের ঘটনা রাজ্যে বন্ধ হয়নি। তাই নারী নির্যাতনের বিরুদ্ধে রাজ্যজুড়ে মহিলাদের সুরক্ষার দাবি জানিয়ে ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে এই আইন অমান্য কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আগামী দিনে ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে নারী নির্যাতনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করা হবে।

