প্রথম ও দ্বিতীয় দফার ৬০টি আসনের বুথ ভিত্তিক ফলাফলের পর্যালোচনা রিপোর্ট দিল্লিতে পাঠালো বঙ্গ বিজেপি

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৫ এপ্রিল:
প্রথম দফার ৬০টি আসনের বুথ ভিত্তিক পর্যালোচনা করে খুশি বঙ্গ বিজেপি। জেলার নেতাদের কাছ থেকে রিপোর্ট নিয়েই এই পর্যালোচনা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ৬০টি আসনের পর্যালোচনায় জেলা নেতৃত্ব ছাড়াও বিধানসভার পর্যবেক্ষকদের মতামত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রের খবর।

রাজ্যের প্রথম ও দ্বিতীয় দফার ভোট মিটতেই অঙ্ক কষা শুরু করেছে বিজেপির ভোট ম্যানেজাররা। তার মধ্যে পূর্ব মেদিনীপুরের ফল নিয়ে সবথেকে বেশি আগ্রহী বিজেপি নেতৃত্ব। পূর্ব মেদিনীপুরে ১৬টি আসন রয়েছে। তারমধ্যে নন্দীগ্রামের বুধ ভিত্তিক আলোচনা সবথেকে বেশি আকর্ষণীয়। মন্ডল কমিটি, জেলা কমিটি, বিধানসভার পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনা করে পূর্ব মেদিনীপুরের ভোটের ফলাফল নিজেদের দিকে যাবে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। বিধানসভা ভিত্তিক ফলাফলের পর্যালোচনা রিপোর্ট দিল্লির ভোট ম্যানেজারদের কাছে চলে গিয়েছে বলে সূত্রের খবর।

অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে আসন রয়েছে ১৫টি। পূর্ব মেদিনীপুরের মত পশ্চিম মেদিনীপুরের ফল আশা করছেন না বঙ্গ বিজেপির নেতারা। কেশপুর, ডেবরা, দাসপুর, নারায়ণগড়, শালবনির আসন নিয়ে একটু চাপেই রয়েছে বঙ্গ বিজেপির নেতারা। পাশাপাশি ঝাড়গ্রাম নিয়ে নিশ্চিন্ত বিজেপি নেতারা। একমাত্র গোপীবল্লভপুর নিয়ে কিছুটা চাপে রয়েছে পদ্ম শিবির। তবে বাঁকুড়া জেলার ভোটের ফলাফল নিয়ে আশাবাদী বঙ্গ বিজেপির ভোট ম্যানেজাররা। মোটের উপর ৬০টি বিধানসভার ভোটের বুধ ভিত্তিক পর্যালোচনায় খুশি মুরলিধর সেন লেনের ম্যানেজাররা।

যদিও বঙ্গ বিজেপির বুধ ভিত্তিক আলোচনাতে কান দিতে চায় না তৃণমূল। ব্রাত্য বসু কলকাতায় তৃণমূলের রাজ্য সদর দপ্তরে বলেন, ৬০ আসনে ভোটের পর ওদের মুখ শুকিয়ে গিয়েছে। প্রথম ও দ্বিতীয় দফার ভোট বিজেপিকে নিরাশ করবে বলে জানিয়েছেন ব্রাত্য বসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *