মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়ে বিজেপি নেতারা বাংলায় ছুটে আসছে: চন্দ্রিমা ভট্টাচার্য্য

আমাদের ভারত, ব্যারাকপুর, ৯ ফেব্রুয়ারি: “মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছে বিজেপি, তাই তো ওদের তাবড় তাবড় নেতারা বার বার বাংলায় ছুটে আসছে। ওদের কৃষকদের দিকে নজর নেই। প্রধানমন্ত্রীর ৪৫ মিনিট সময় হয় না কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে। উনি বাংলায় আসছেন, ওদের লোকজন বাংলায় আসছেন আর খেয়ে চলে যাচ্ছেন। যাদের বাড়িতে খাচ্ছে, তাদের সঙ্গে কথা বলারও ওদের সময় নেই।” উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভার ইছাপুর আনন্দমঠে জনসভায় এভাবেই বিজেপির সমালোচনা করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য।

মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বাংলার মহিলা মুখ্যমন্ত্রী যিনি বাঘিনীর মত বহিরাগতদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। ওরা ভয় পেয়েছে বলেই বাংলায় ছুটে ছুটে আসছে। তবে এই নোয়াপাড়ার সভায় দাঁড়িয়ে বলতে চাই, বাংলায় তৃণমূল কংগ্রেস ২২১ আসন পাক বা ২৫০ আসন পাক, এই নোয়াপাড়া তৃণমূল কংগ্রেসের দখলেই থাকবে।”

তিনি বলেন, এই নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ আমাদের কাছে কারন, গোটা ভারতবর্ষের মধ্যে একমাত্র বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে হ্যাট্রিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ জানে আন্দোলনের সমার্থক শব্দ হল মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা জীবন কেটেছে সংগ্রামের মধ্য দিয়ে। বিজেপির কোনও আন্দোলন, সংগ্রাম নেই বাংলার স্বার্থে। তাই বাংলার মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *