আমাদের ভারত, ১৬ জুলাই: পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরকে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করল বিজেপি। এই খবরে তাঁকে স্বাগত জানিয়েছে বিজেপি’র নেতৃবৃন্দ।
তাঁর সঙ্গে ধনকরের ছবি ভাগ করে বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ টুইটারে লিখেছেন, “জনগণের রাজ্যপাল। বিজেপি ও শরিক দলের মনোনীত উপরাষ্ট্রপতি পদপ্রার্থী পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী জগদীপ ধনকরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তাঁর জ্ঞান, মনীষা, সাহসী মনোভাব ও রাজ্যের শাসকদলের অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ অনস্বীকার্য।“
বিজেপি-র পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার টুইটারে লিখেছেন, “মাননীয় রাজ্যপাল ধনকরজিকে ভারতের উপরাষ্ট্রপতির প্রার্থী হিসাবে ঘোষণা করায় তাঁকে অভিনন্দন। তাঁর বিশাল অভিজ্ঞতা এবং গভীর জ্ঞান তাঁকে দেশকে আরও ভালোভাবে সেবা করতে সাহায্য করবে। পদটির জন্য এটি একটি চমৎকার পছন্দ। আমি তাঁর মঙ্গল কামনা করি।”
খবরটি প্রকাশের সঙ্গে সঙ্গে আর যাঁরা ধনকরকে স্বাগত জানিয়ে টুইটারে সাফল্য কামনা করেছেন, তাঁদের মধ্যে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান,
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ এস বোম্মাই, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাণিক সাহা, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ, বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি, রাজু বিস্তা, অমিত মালব্য প্রমুখ। এঁদের অনেকেই নিজের সঙ্গে ধনকরের ছবি ভাগ করেছেন।

