নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার প্রতিবাদে জলপাইগুড়ি থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৬ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ির উপর কোচবিহারে হামলার প্রতিবাদে জলপাইগুড়িতে আন্দোলনে নামল বিজেপি। রবিবার সন্ধেয় শহরের ডিবিসি রোডের বিজেপি জেলা কার্যালয় থেকে মিছিল করে থানায় হাজির হলেন বিজেপি সদর ব্লক এক ও দুইয়ের নেতা কর্মী ও জেলার নেতারা। থানার ভিতরে বিশাল পুলিশ বাহিনী আন্দোলনকারীদের আটকে দেন। এরপর থানার মূল গেটের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান নেতা কর্মীরা।

এ দিন সকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদে নামে বিজেপি। গতকাল কোচবিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে আক্রমণ করার অভিযোগ উঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় তৃণমূলের গুণ্ডা বাহিনী যুক্ত রয়েছে এই অভিযোগ তুলে সব জায়গায় আন্দোলন করছে বিজেপি। জলপাইগুড়ি টাউন ব্লক একের সভাপতি মনোজ শাহ বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর আক্রমণের প্রতিবাদ জানাতে এই বিক্ষোভ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ যেভাবে উস্কানি মূলক বক্তব্য দিচ্ছেন, তিনি যদি এভাবে বক্তব্য দিয়ে যান তাহলে আগামী দিনে বিজেপি ওনার কনভয়ে উপর হামলা করবে ও হাড্ডি ভেঙ্গে দেবে বলে হুঁশিয়ারি দিলেন।”

উল্টো দিকে তৃণমূলের দাবি, বিজেপি মিথ্যে অভিযোগ তুলছেন। এটা বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *