প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ৪ মে:
দুষ্কৃতী হামলায় বিজেপি নেতার বৃদ্ধা মাকে পিটিয়ে মারার অভিযোগ। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ভাটপাড়া পৌর এলাকায়। ৮০ বছরের বৃদ্ধা শোভা রাণী মণ্ডলকে বাঁশ, লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে।
ভোটের ফল বেরোনোর পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া জগদ্দল সহ ব্যারাকপুর শিল্পাঞ্চলের বহু জায়গা। ভাটপাড়া পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ড রাহুতা বি আর এস কলোনি অঞ্চলের বাসিন্দা জগদ্দলের ১৭১ নম্বর বুথের বিজেপি বুথ প্রেসিডেন্ট কমল মন্ডল এর বাড়ি হঠাৎই একদল দুষ্কৃতী চড়াও হয় বাড়িতে। তাঁকে এবং তাঁর স্ত্রীকে বেধড়ক মারধর করতে থাকে। তাদের বাঁচাতে আসেন তাঁর মা শোভারানী মন্ডল। তাঁকেও বাঁশ, লাঠি দিয়ে পেটাতে থাকে। তিনি মাটিতে পাড়ে কাতরাতে থাকেন। হামলাকারীরা চলে গেলে কমল মন্ডল ও তার পরিবারের সদস্যরা গুরুতর আহত বৃদ্ধাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান তার অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয় কল্যাণী জে এন এম হাসপাতালে।সেখানেই মৃত্যু হয় ৮০ বছরের বৃদ্ধা শোভারানী মন্ডলের।
এই দুষ্কৃতী হামলার ঘটনায় মৃত বৃদ্ধার ছেলে কমল মন্ডল অভিযোগ করেন “আমি বিজেপি করি তাই ভোটের ফল বেরনোর পর এক দল দুষ্কৃতী আমাদের বাড়িতে চড়াও হয়। বাঁশ লাঠি নিয়ে আমার পরিবারের সবাইকে মারধর করতে থাকে, আমার স্ত্রীর মাথা ফেটে যায়। সেই সময় আমার বৃদ্ধ মা আমাদের বাঁচাতে এলে দুষ্কৃতীরা তাকেও মারধর করে। আমি বিজেপি করি বলেই এই হামলার ঘটনা ঘটেছে।”
এই ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ প্রশাসন।

