আমাদের ভারত, ব্যারাকপুর, ১০ আগস্ট: ভাটপাড়া পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া মাদরাল এলাকায় গৌরাঙ্গ সরকার নামে এক বিজেপি নেতার বাড়িতে দুষ্কৃতী তান্ডবের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
বিজেপি নেতা গৌরাঙ্গ বাবুর বাড়িতে কয়েকজন ছাত্র ভাড়া থাকে। সোমবার রাতে ওই ছাত্ররা পানীয় জল আনতে বাড়ি থেকে বের হলে সেই ফাঁকে গৌরাঙ্গ বাবুর বাড়িতে হঠাৎ একদল দুষ্কৃতী চড়াও হয় ও বাড়ির ভেতরে ঢুকে ভাঙ্গচুর চালায় বলে অভিযোগ। দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে বাড়ির দরজা, আসবাব পত্র, বেসিন, এমন কি গৌরাঙ্গবাবুর বাইকটি ভাঙ্গচুর করে এবং বাড়িতে থাকা বেশ কিছু টাকা নিয়ে চলে যায় বলে অভিযোগ। ভোটের ফল বেরনোর পর থেকে এই নিয়ে চারবার এই বিজেপি নেতার বাড়িতে ভাঙ্গচুরের ঘটনা ঘটছে।

এই ভাঙ্গচুরের ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। বিজেপি করার কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন গৌরাঙ্গবাবু। তিনি বলেন, “আমি বিজেপি করি তাই এই নিয়ে ৪ বার আমার সাথে এরকম ঘটনা ঘটল। বার বার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমার বাড়ি ভাঙ্গচুর করেছে। এই বারও করলো। পুলিশকে জানানো হলে তারা আসে কিন্তু কাউকে ধরেও না কোন শাস্তিও হয় না দুষ্কৃতীদের।”
তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই ঘটনায় ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এই ঘটনায় ফের একবার আতঙ্কিত হয়ে পড়েছেন ভাটপাড়া পৌরসভার বাসিন্দারা।

