আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২১ মার্চ: এগরায় অমিত শাহর সভা শেষ করে ভগবানপুরের অনন্তপুর মোড়ে সভা করতে যাওয়ার সময় ভগবানপুরের নতুন রাস্তার মোড়ে বিজেপি প্রার্থীর গাড়ি আটকে গাড়ির ওপর উঠে চড় চাপ্পড় মারে কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতি এমনটাই অভিযোগ বিজেপির। বিজেপি ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের কাঁটাখালিতে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির সভা থেকে ফেরার সময় বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ মাইতির গাড়ি তৃণমূল কর্মীদের পাশ দিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে বিজেপি প্রার্থীর গাড়ির ওপর চড়াও হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, এমনকি গাড়ি বেশ কিছুসময় আটকে রাখে তৃণমূল দুষ্কৃতীরা বলে অভিযোগ বিজেপি প্রার্থীর। কিন্তু কোনও প্রকারে গাড়ির চালক প্রার্থীকে নিয়ে বেড়িয়ে যায়। এমন ঘটনার পরই বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ মাইতি ভগবানপুর থানায় লিখিত অভিযোগ করেন। তিনি বলেন, তৃণমূল ভুল বুঝিয়ে এক বিশেষ সম্প্রদায়ের মানুষকে রাস্তায় নামিয়েছে। ঝান্ডার লাঠি দিয়ে গাড়ির ওপর মারা, এমনকি গাড়িতে লাথি মারা, অশ্লীল ভাষায় গালিগালাজ করা বুঝিয়ে দিয়েছে আমার প্রতিপক্ষ কোন রাস্তা নিয়েছে। থানায় অভিযোগ করলেও পুলিশ প্রশাসন তেমন গুরুত্ব দেয়নি, ওরা দিদির সেবা করতে ব্যস্ত, এমনটাই অভিযোগ বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ মাইতির।

