মনোমত প্রার্থী না দেওয়ায় পুরুলিয়ার জয়পুর ও বাঘমুন্ডিতে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের

সাথী দাস, পুরুলিয়া, ৭ মার্চ: মনোমত প্রার্থী না দেওয়ায় পুরুলিয়ার জয়পুর ও বাঘমুন্ডি কেন্দ্রে বিক্ষোভ দেখালেন স্থানীয় বিধানসভার বিজেপি নেতা কর্মীরা। দলের নির্বাচন কমিটির উদ্দেশ্যে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আর্জি জানান তাঁরা। আজ জয়পুর ব্লক সদরে ওই বিধানসভার সব বুথ কার্যকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা হুঁশিয়ারি দিয়ে দলের নির্বাচন কমিটির উদ্দেশ্যে বলেন, সিদ্ধান্ত বদল বা সাংগঠনিক কোনও ব্যক্তিকে না দিলে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে ওই কেন্দ্রে জয় উপহার হিসেবে দলের কাছে তুলে দেবেন তাঁরা।

উল্লেখ, প্রাক্তন সাংসদ ফরওয়ার্ড ব্লক ছেড়ে গত লোকসভা নির্বাচনের আগে নরহরি মাহাতো বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁকেই বিজেপি জয়পুর কেন্দ্রে প্রার্থী করে। আর এই নিয়েই ক্ষোভ বিজেপির সাংগঠনিক নেতা কর্মীদের।

অন্যদিকে, বাঘমুন্ডি বিধানসভাতে বিজেপি প্রার্থীর দাবিতে ঝালদার পুস্তি অঞ্চলের পুতিডিতে বিজেপির নেতা কর্মীরা বিক্ষোভ দেখালেন। বিজেপির ৫৭ জনের প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। যেখানে পুরুলিয়া জেলার ৯ টির মধ্যে ৭টি বিধানসভার প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। বাঘমুন্ডি বিধানসভা আসনটি আজসু পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে।
তাই, এই বিধানসভায় বিজেপির প্রার্থী চাই এই স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান পদ্ম শিবিরের নেতা কর্মীরা। বাঘমুন্ডি বিধানসভার কার্যকর্তা থেকে পদাধিকারীরা কাল রাত থেকে একত্রিত বিক্ষোভ দেখান।
বিক্ষোভকারীরা জানান, তাঁরা আজসু-কে মেনে নিতে পারছেন না। তাঁরা চান, দলীয় প্রতীকে বিজেপির প্রার্থী। তাই বিক্ষোভ দেখান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *