স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৬ ফেব্রুয়ারি: বুধবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এসে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে মীরজাফর বলে কটাক্ষ করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম৷ তিনি বলেন, পাল্টিবাজদের আর দলে নেওয়া হবে না। অনেক বেইমান আসে, চলে যায়। বড় বড় কথা বলে। যখন যেমন তখন তেমন। আমাদের একটা মীরজাফর গেছে শুভেন্দু অধিকারী৷ তার পেছন পেছন অনেকে চলে গেছে৷ এসব অনেক ঘটনা ঘটে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছিল আছে থাকবে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন তা আবার আজ প্রমাণিত হয়েছে৷
এদিনের মঞ্চ থেকে গত বছর উত্তরবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রচারে আসা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকেও কটাক্ষ করেন পরিবহণ মন্ত্রী৷ তিনি বলেন, বিজেপির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই৷ বিজেপির কোনো মাথা মুণ্ডু নেই৷ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের মন্তব্যকে হাতিয়ার করে এদিন বিজেপিকে আক্রমণ শানান ফিরহাদ হাকিম৷ তিনি বলেন, কানের দুল পরার জন্য বাড়ির পুরুষদের কাছে টাকা চাওয়ার দরকার নেই। একটা গরু এনে দিতে বলুন। সেই গরুর দুধ থেকে সোনা বের হবে তা দিয়ে দুল বানান।
এদিন সদ্য প্রয়াত সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়কে ভারতরত্ন দেওয়া নিয়ে বিজেপিকে তোপ দাগেন তিনি৷ পাশাপাশি এদিনের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে মেরুকরণ ও জাতপাতের রাজনীতির অভিযোগ আনেন কলকাতার মেয়র।

