আমাদের ভারত, ২১ এপ্রিল:রাজধানী দিল্লিতে নিজের বাড়ির সামনেই গুলি করে খুন করা হলো স্থানীয় এক বিজেপি নেতাকে। মৃত বিজেপি নেতার নাম জিতেন্দ্র চৌধুরী। বুধবার রাত আটটা পনেরো নাগাদ দিল্লির ময়ূর বিহার এলাকায় এই গুলি চালানোর ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় ওই বিজেপি নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
দিল্লি পুলিশ সূত্রে খবর, পুলিশের টহলদারি ভ্যান দেখে ময়ূর বিহারের সি ওয়ান এলাকা বেশ কয়েকজন ভিড় করে কিছু একটা ঘিরে ধরে দাঁড়িয়ে আছে। টহলদারি ভ্যান এগিয়ে গিয়ে দেখে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন একজন ব্যক্তি। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে স্থানীয় লোকজন।পুলিশ জানতে পারে ওই ব্যক্তির নাম জিতেন্দ্র ওরফে জিতু চৌধুরী। তিনি এলাকায় বিজেপি নেতা হিসেবে পরিচিত।পুলিশ দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি ফাঁকা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার পাশাপাশি এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে আততায়ীকে চিহ্নিত করার চেষ্টা চলছে। এই খুনের পেছনে রাজনৈতিক না ব্যক্তিগত শত্রুতা রয়েছে তার খতিয়ে দেখছে পুলিশ।

