নলহাটিতে তৃণমূলের ব্লক সভাপতির আশ্রমে বিজেপি নেতা রুদ্রনীল

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১৬ সেপ্টেম্বর: কৈলাস বিজয় বর্গীয়, মুকুল রায়ের পর এবার অনুকূল ঠাকুরের আশ্রমে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। এক মঞ্চে তৃণমূল– বিজেপি নেতাদের অনেকদিন পর দেখলেন বীরভূমের নলহাটি থানা এলাকার মানুষ।

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম আবির্ভাব দিবস উপলক্ষ্যে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নলহাটি ২ নম্বর ব্লকের নব-হিমাইতপুর গ্রামে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ তৃণমূলের অসিত মাল, বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ প্রদীপ ভকত। অনুষ্ঠানে কেউই রাজনীতি নিয়ে মুখ না খুললেও দুই মেরুর নেতাদের এক মঞ্চে দেখে অনেকে ভ্রু কুঁচকেছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর অনুকূলের বার্ষিক উৎসবে মন্দিরে এসেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা, পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলস বিজয়বর্গীয়। ২০২০ সালের ৩০ আগস্ট এই আশ্রমেই ঘুরে যান তৎকালীন বিজেপি নেতা মুকুল রায়। এই আশ্রমের কর্ণধার বিভাস চন্দ্র অধিকারী আবার তৃণমূলের নলহাটি ২ নম্বর ব্লক সভাপতি। এরপরেও আশ্রমে একের পর এক বিজেপি নেতাদের উপস্থিতি তৃণমূলের মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে। যদিও বিভাসবাবু বলেন, “রাজনীতির সঙ্গে ধর্মকে গুলিয়ে ফেলবেন না। সব রাজনৈতিক দলের মধ্যেই ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য রয়েছেন। ফলে আশ্রমে তাঁরা আসতেই পারেন”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *