নদিয়ায় তৃণমূলের সভা চলাকালীন দুষ্কৃতীদের হাতে খুন বিজেপির সক্রিয় কর্মী

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৬ মার্চ:
তৃণমূলের সভা চলাকালীন বিজেপির এক সক্রিয় কর্মীকে খুন করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নদিয়ার হুগোলবাড়িয়া থানার ঘটনা। নিহত ব্যক্তির নাম বিশ্বজিৎ বিশ্বাস (২৫)।

জানা যায়, করিমপুর বিধানসভার ২০৪ নম্বর বুথের বিজেপির সক্রিয় কর্মী ছিলেন বিশ্বজিৎ বিশ্বাস। সোমবার রাত ৯ টার সময় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তৃণমূলের সভা পেরিয়ে করিমপুর বর্ডার সংলগ্ন এলাকায় তাঁর বাড়ির দিকে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে হকি স্টিক দিয়ে এলোপাথাড়ি মারতে থাকে। প্রচন্ড মারধরের ফলে বিশ্বজিৎবাবুর নাক মুখ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। এরপর দুষ্কৃতীরা তাকে ফেলে পালিয়ে গেলে প্রত্যক্ষদর্শীরা সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য হুগোলবাড়িয়া থানায় নিয়ে আসা হয়।

নিহতের পরিবারের অভিযোগ, পুলিশ তাদের মৃত দেহের সামনে আসতে দেয়নি পুলিশ। পুলিশ সূত্রে দাবি, পরিবার যে দাবি করছে তা সঠিক নয়। প্রাথমিকভাবে ময়নাতদন্তের পরেই পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়।

নদিয়া জেলা তৃণমূলের মুখপাত্র দেবাশীষ রায় বলেন, পশ্চিমবঙ্গের যা হাল তাতে বিজেপি নিজেদের অন্তর্দ্বন্দ্বে লিপ্ত। সেখানে তাদের কোনও লোক কি করলো, আর সবকিছুতেই যে তৃণমূলের নাম জড়াবে সেটা কাম্য নয়। আমরা এর মধ্যে নেই। এখন আমাদের একমাত্র লক্ষ্য দিদিকে জেতানো। সেই জন্য আমরা জানপ্রাণ দিয়ে লড়ছি। সুতরাং বিজেপি কি বলল তাতে হাওয়া লাগাতে আমরা রাজি নই। আমাদের দলের কোনও কর্মী এতে জড়িত নয়। ওরা নিজেদের মধ্যেই মারামারি করে মরছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *