আমাদের ভারত, ৯ আগস্ট: কাশ্মীরে আবারও বিজেপি নেতা খুন হলেন জঙ্গিদের গুলিতে। খুন করা হয়েছে তাঁর স্ত্রীকেও। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার লালচক এলাকায় বিজেপি নেতাকে গুলি করে মারে জঙ্গিরা। সোমবার দিনের আলোয় এই ঘটনা ঘটেছে।
জানা গেছে বিজেপি নেতা গোলাম রসুল দার ও তাঁর স্ত্রীকে খুব কাছ থেকে গুলি করে জঙ্গিরা। ঘটনাস্থল থেকে তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন। রসুল কুলগাঁওয়ের কিষান মোর্চার সভাপতি ছিলেন। এছাড়াও, অনন্তনাগ জেলার সভাপতি ছিলেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে লস্কর ই তৈবার জঙ্গিরাই এই আক্রমণ চালিয়েছে।
এ ঘটনার ঘন্টাখানেক আগে পুঞ্চ জেলার একটি গুপ্ত ঘাঁটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে কাশ্মীর পুলিশ। উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে ছিল স্বয়ংক্রিয় রাইফেল, পিস্তল, গ্রেনেড ও ২৫৭ রাউন্ড একে ৪৭-র গুলি। পুলিশ মনে করছে স্বাধীনতা দিবসের দিন অথবা তার আগে জঙ্গিদের ওই এলাকায় বড়সড় হামলার ছক ছিল।

