জগদ্দলে তৃণমূলের দলীয় কার্যালয়ে পর পর বোমাবাজি, পাল্টা মারে জখম বিজেপি নেতা

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৫ ফেব্রুয়ারি: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া, জগদ্দল এলাকা। রাতের অন্ধকারে তৃণমূল, বিজেপি সংঘর্ষের ঘটনায় বোমাবাজির জেরে ফের উত্তর হয়ে উঠল উত্তর ২৪ পরগনার জগদ্দল এলাকা।

অভিযোগ, জগদ্দলের পাওয়ারহাউস মোড় এলাকায়, ভাটপাড়া পৌরসভার ২২ নং ওয়ার্ডে তৃণমূলের ব্যানার লাগানোর সময় তৃণমূল কর্মী সমর্থকদের ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। তৃণমূলের অভিযোগ, ব্যানার লাগানোর সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কর্মী কানাইলাল মিশ্রকে মারধর করে, ব্যানার ছিঁড়ে দেয়, এরপরে তৃণমূলের পার্টি অফিসে এবং স্থানীয় একটি বাড়ি লক্ষ করে পরপর বোমাবাজি করে পালিয়ে যায়। তৃণমূল কর্মীদের অভিযোগ দুটি বোমা পড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। অভিযুক্ত দুষ্কৃতীরা বাইকে করে এসে বোমাবাজি করে পালিয়ে যায় বলে অভিযোগ।

এদিকে এই ঘটনার পর তৃণমূল কর্মীরাও পাল্টা বিজেপি কর্মীদের মারধর করে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় বিজেপি নেতা রামঅবতার প্রসাদ। তাঁকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। গোটা ঘটনার জেরে জগদ্দলের পাওয়ার হাউস মোড় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। পুলিশ এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *