দলের আদর্শ নীতি অমান্যের অভিযোগে কার্যকর্তাদের বিরূদ্ধে তোপ পুরুলিয়ার বিজেপি নেত্রীর

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ১২ ফেব্রুয়ারি: দলের আদর্শ নীতি অমান্যের অভিযোগে কার্যকর্তাদের বিরূদ্ধে তোপ দাগলেন পুরুলিয়ার বিজেপি নেত্রী ঈশিকা ওঝা। দলের নীতি আদর্শ, নরেন্দ্র মোদীর নির্দেশ কার্যত জলাঞ্জলি দিচ্ছেন জেলা নেতৃত্ব। এমনই অভিযোগে সরব হন তিনি। আর তাঁর এই প্রতিবাদের ঝড়ে আসন্ন পৌর নির্বাচনে বিজেপির ভোট বাক্সে ব্যাপক ভাঙনের আশঙ্কা দেখা দিল।

দলীয় প্রার্থী তালিকা নিয়ে প্রতিবাদ আগেই পুরুলিয়ায় উঠেছিল। অন্যদল থেকে আসা নেতা হয়ে প্রভাব খাটিয়ে বেছে বেছে কাছের মানুষদের টিকিট দিয়ে কাজের মানুষদের বঞ্চনার অভিযোগ তুললেন খোদ বিজেপি নেত্রী ঈশিকা। সাংগঠনিক বৈঠকের সিদ্ধান্ত, কর্মীদের মতামতকে গুরুত্ব না দেওয়ায় দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুললেন তিনি। বক্তব্যকে সমর্থন জানিয়ে কমেন্ট বক্সে প্রতিবাদ জানালেন পদ্ম ফুল সমর্থকরা। নেত্রীর অভিযোগ, যে সমস্ত কর্মীরা দিনরাত দলের হয়ে কাজ করেছে তাদেরই বঞ্চনার শিকার হতে হচ্ছে। দলের ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও পদ খোওয়ানোর ভয়ে মুখ খুলেন না কেউই।

ঈশিকা পুরুলিয়া শহরের বাসিন্দা। গত দশ বছর ধরে দলের দুঃসময়ে আন্দোলনে সামনের সারিতে থেকেছেন। কোনও কারণ ছাড়াই লবির শিকার হন তিনি। তাঁর দাবি, যতদিন বেঁচে থাকবেন বিজেপিতেই থাকবেন তিনি। তাঁর আশঙ্কা, এই আক্ষেপ প্রকাশ করায় তাঁকে দল থেকে বহিস্কার করা হতে পারে। তবে তাঁর মতো হাজার কর্মী নিজেদের সংকুচিত করে রেখেছেন। তাঁরা মুখ খোলেন না।

বিজেপির ওই নেত্রীকে উপেক্ষার কারণ পরিষ্কার করতে পারেননি জেলা সভাপতি বিবেক রাঙা। তিনি মূল অভিযোগ এড়িয়ে গিয়েছেন। প্রার্থী তালিকায় অধিকাংশই কর্মী, সংগঠকদের রাখা হয়নি কেন? এর জবাবে নিশ্চুপ ছিলেন। সভাপতি নিজের মতো করে প্রার্থী তালিকার ক্ষোভ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “একজন প্রার্থী একটি ওয়ার্ডে হবেন। এখানে তো বেশি স্থান নেই। এই আক্ষেপ থাকবেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *