আমাদের ভারত, ১০ জুন: নবী সম্পর্কে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার ১১ ঘণ্টা অবরুদ্ধ ছিল বোম্বে রোড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করার পরেও হাওড়ার অঙ্কুরহাটিতে ৫ ঘণ্টা অবরোধ চলে। স্তব্ধ হয়ে যায় যান চলাচল। এই অবরোধের ঘটনায় জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার যোগ রয়েছে সেই আশঙ্কা প্রকাশ করে মামলা হল কলকাতা হাইকোর্টে।
বিজেপি নেতা দেবদত্ত মাজি এই মামলা করেছেন। তার দাবি, পরিকল্পনা করে এই অবরোধ করা হয়েছে যাতে পশ্চিমবঙ্গকে ভারত থেকে কিছুক্ষণের জন্য হলেও বিচ্ছিন্ন করে রাখা যায়।
দেবদত্ত মাজির দাবি, এই অবরোধ করা আসলে পশ্চিমবঙ্গকে ইসলামিকরণের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে একটা পদক্ষেপ। তিনি সোশ্যাল মিডিয়ায় এর বিরুদ্ধে আওয়াজ তোলার আবেদন জানিয়েছেন। তার মতে সুপরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে। এর পেছনে জঙ্গি সংগঠনের মদত রয়েছে।

আল-কায়দা চিঠি নিয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছেন দেবদত্ত মাজি। তিনি এই ঘটনায় বিদেশী জঙ্গি গোষ্ঠীর মদত রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করে জাতীয় তদন্ত সংস্থা তথা এনআইএ’কে দিয়ে তদন্ত করানোর আর্জি জানিয়েছেন। ওই মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। পিটিশনে বলা হয়েছে, আল-কায়দার নজর রয়েছে ভারতে একাধিক এলাকা। নথি দিয়ে দাবি করা হয়েছে দেশকে অশান্ত করতে বড়সড় ষড়যন্ত্র চলছে।

বৃহস্পতিবার তুলকালাম কাণ্ড হয় হাওড়ায়। সকাল থেকে শুরু হয় অবরোধ। জাতীয় সড়ক অবরোধ হওয়ার ফলে হাজার হাজার গাড়ি আটকে পড়ে। বিকেলের পর ধুলাগড়ের জ্যাম বাড়তে বাড়তে তা দ্বিতীয় হুগলী সেতুতে চলে আসে। মুখ্যমন্ত্রী অবরোধ তুলে নেওয়ার আর্জি জানানোর পরও অবরোধ চলতে থাকে আরও ৫ ঘন্টা। কুশ পুতুল পুড়িয়ে টায়ার জ্বালিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় বোম্বে রোডে।

