আমাদের ভারত, জলপাইগুড়ি, ৭ নভেম্বর: সার নিয়ে
কালোবাজারির অভিযোগ তুলে টায়ার জ্বালিয়ে জলপাইগুড়ি কৃষি দফতরের সামনে বিক্ষোভে সামিল হল জেলা বিজেপি কৃষাণ মোর্চা। সোমবার শহরে মিছিল করে ক্লাব রোডের জেলার কৃষি ভবনে সামনে জমায়েত হয় বিজেপি কৃষক নেতা কর্মীরা। রাস্তার একাংশ আটকে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। কৃষি দফতরে স্মারকলিপি দেওয়া হয়।
কিষাণ মোর্চার অভিযোগ, রাজ্যের পাশাপাশি জলপাইগুড়ি জেলাজুড়ে সার নিয়ে চলছে কালোবাজারি। গতবছর আলু চাষের সময় সার নিয়ে এতটাই কালো বাজারি হয়েছিল যে কৃষকরা কৃষিকাজ করতে ঋণ করে দ্বিগুণ দামে সার কিনেছেন। এবছর আলু চাষের সার নিয়ে কালোবাজারি শুরু হয়েছে। কেন্দ্র সরকারের নির্ধারিত দামের থেকে বেশি দাম নেওয়া হচ্ছে সারের। ইপ্পো ডিএপি সারের দাম ১৪৫০ টাকা কেন্দ্র সরকার দাম বেধে দিয়েছে এবছর, কিন্তু নেওয়া হচ্ছে ১৬৫০ টাকা।
বিজেপি কিষাণ মোর্চার জেলা সভাপতি নকুল দাস বলেন, “সার নিয়ে কালোবাজারি হচ্ছে। তৃণমূলের নেতারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত। এর প্রতিবাদে চলছে বিক্ষোভ। এরপরেও যদি কালোবাজারির অভিযোগ ওঠে সব বিডিও অফিস তালা মারা হবে।”
যদিও জলপাইগুড়ি তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর কমিটির জেলা সভাপতি দুলাল দেবনাথ বলেন, “কেন্দ্র সরকার পর্যাপ্ত সার দিচ্ছে না। সার নিয়ে কালোবাজারি হয়েছিল গতবছর, আমরাই অভিযোগ করি। ২৪ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখন বিজেপির কয়েকজন পঞ্চায়েত ভোটের আগে নাটক করছে।”

