সাথী দাস, পুরুলিয়া, ১৩ ডিসেম্বর: অনলাইনে পরীক্ষার দাবি, নিয়োগ দুর্নীতির অভিযোগ সহ একগুচ্ছ দাবি তুলে সিধো-কানহ-বিরসা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি দিল পুরুলিয়া জেলা বিজেপির প্রতিনিধি দল। জেলা বিজেপি সভাপতি ছাড়াও বিজেপি বিধায়করা দলীয় কর্মসূচিতে যোগ দেন । যদিও আগাম কর্মসূচি অনুযায়ী উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করার কথা থাকলেও, তিনি অনুপস্থিত থাকায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি দেন তাঁরা।
বিষয়টি নিয়ে রেজিস্ট্রার ড: নচিকেতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সঙ্গে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়েও অনলাইন পরীক্ষার জন্য নোটিশ জারি করা হয়েছে আজ। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয় পঠনপাঠন, পরিচালনা থেকে নিয়োগ স্বচ্ছতা বজায় রেখে চালিয়ে যাচ্ছে বলে দাবি তাঁর।
বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষ করেছে বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ। সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি স্বপন কুমার সিং বলেন, বিজেপির কাছে কোনও ইস্যু নেই। তাই ভুয়ো ইস্যু বানানোর চেষ্টা করছে।
বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, আমাদের আজকের কর্মসূচি নিয়ে কানাঘুঁসো খবর পেয়েই আজ সকালে বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাই হোক এরকমটা বাকি বিষয়ে তৎপর হলে আমরা সফল হব।
দলীয় কর্মসূচিতে অংশ নেন জয়পুরের বিধায়ক নরহরি মাহাতো, বিজেপি জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙা সহ অন্যান্য বিধায়ক ও সংগঠকরা।

