আমাদের ভারত, ২৭ এপ্রিল:তৃতীয়বারের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বর্ষপূর্তি হচ্ছে আগামী ৫ মে। সবকিছু যদি ঠিক থাকে তাহলে ওই দিনে রাজ্যে বড় সমাবেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। অমিত শাহের সফরের দ্বিতীয় দিনে শিলিগুড়িতে একটি বড় জনসভা হবে পরের দিন ৬মে কলকাতায় বিজেপির সাংগঠনিক বৈঠক করবেন অমিত শাহ।
সূত্রের খবর তিন দিনের সফরে ৪ মে রাতে কলকাতায় পৌঁছাবেন অমিত শাহ। প্রশাসনিক এবং রাজনৈতিক একাধিক কর্মসূচি রয়েছে তার। ৫ মে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ এবং কোচবিহারের তিনবিঘা সীমান্তরক্ষা বাহিনীর অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে ঐদিন শিলিগুড়িতে বিজেপির সমাবেশ অনুষ্ঠিত হবে। রাতে ফিরতে পারেন কলকাতায়। এরপর কলকাতায় একটি সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি।
কলকাতার সাংগঠনিক বৈঠকে বিজেপির জেলা সভাপতি স্তরের নেতাদের ডাকা হবে বলে জানা গিয়েছে। বৈঠকে থাকবেন দলের সাংসদ ও বিধায়করা। এছাড়াও রাজ্যের পদাধিকারীদের নিয়ে আলাদা করে বৈঠক করার কথা অমিত শাহের। তবে শিলিগুড়ি জনসভা কোথায় হবে এবং কলকাতার বৈঠক কোথায় হবে তা এখনো জানা যায়নি।
প্রসঙ্গত উল্লেখ্য, গত জানুয়ারি এবং এপ্রিলে পর পর দুবার অমিত শাহের রাজ্য সফর বাতিল হয়। ফলে মে মাসের অমিত শাহের রাজ্য সফরের দিকে তাকিয়ে আছে বঙ্গ বিজেপি। উপ-নির্বাচন ও পুরভোটে বিজেপির ফল ভালো হয়নি। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে কর্মীদের চাঙ্গা করতে চাইছে বিজেপি। সেই কারণেই যেদিন বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছিল সেই ২ মে বড় কোনো কর্মসূচি নিতে চাইছে বঙ্গ বিজেপি।
যদিও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন, “ঘুরে দাঁড়ানোর কোনো বিষয় নেই। বিজেপি পথেই ছিল। কিন্তু গোটা একবছর কর্মীদের সন্ত্রাসের মোকাবিলা করতে হয়েছে। পরিবেশ এখনো স্বাভাবিক নয়। গোটা রাজ্যে সাংগঠনিক রদবদলও শেষ হয়েছে। তাই আরও বেশি শক্তি নিয়ে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবো আমরা। মানুষের চাহিদাকে সামনে রেখে আন্দোলনের মধ্যে থাকবে বিজেপি”।
জানা যাচ্ছে, ২ মে-র মিছিলে দক্ষিণ বঙ্গের জেলাগুলির উপরে জোর দিচ্ছে বিজেপি। কারণ তার তিনদিন পর উত্তরবঙ্গে অমিত শাহের সমাবেশে উত্তরের জেলা গুলির উপর জোর দেওয়ার ভাবনা রয়েছে বঙ্গ বিজেপির নেতৃত্বের।

