আমাদের ভারত, শিলিগুড়ি, ৫ আগস্ট : পাহাড়ে বিজেপিতে মোহভঙ্গ। এবার সকলে মিলে পাহাড় থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দিল। এই কারণেই বৃহস্পতিবার অখিল ভারতীয় গোর্খা লিগের নেত্রী ভারতী তামাংয়ের বাড়িতে বৈঠক সারলেন বিজেপি বিরোধী দলগুলি। এদিন তারা বৈঠকে আলোচনা করেন পাহাড়ের মানুষের কাছে গিয়ে তাদের বোঝানো হবে বিজেপি তাদের নিয়ে শুধুই রাজনীতি করছে। পাহাড়ের উন্নয়ন নিয়ে তাদের কোনও চিন্তা ভাবনা নেই। এদিনের বৈঠকে গোর্খা লিগ ছাড়াও উপস্থিত ছিল গোর্খা জনমুক্তি মোর্চা-১, গোর্খা জনমুক্তি মোর্চা-২ সহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। পাহাড়ে বিজেপির জোটসঙ্গী জিএনএলএফ তাই তারা এই বৈঠকে ছিল না। আর তৃণমূল কংগ্রেসকে আমন্ত্রণ করা হয়নি তাই তারা আসেনি।
তবে বৈঠকের আলোচনা প্রসঙ্গে গোর্খা লিগের সহ সভাপতি বিক্রম রাই বলেন, মূলত পাহাড়ের মানুষকে বিজেপির হাত থেকে রক্ষা করাই আমাদের লক্ষ্য। রাজু বিস্তা পাহাড়ে দাঁড়িয়ে বলেছিলেন গোর্খাল্যান্ড এনে দেবেন। ১১জনজাতিকে তফশিলি মান্যতা দিল না। তাহলে তিনি আমাদের ব্যবহার করেছেন জেতার জন্য। আগেও যারা সাংসদ হয়েছিলেন তারাও একইভাবে আমাদের ব্যাবহার করেছিলেন। তাই আমরা তার কাছে উত্তর চাইব তিনি কেন তার প্রতিশ্রুতি রাখলেন না। যদি তার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে না পারেন তাহলে পদত্যাগ করুক।

