“বিজেপি আদিবাসীদের নিয়ে রাজনীতি করছে”, রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু প্রসঙ্গে বললেন তৃণমূল এসসি ও ওবিসি সেলের রাজ্য সভাপতি

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই:
“বিজেপি আদিবাসীদের নিয়ে রাজনীতি করছে”, বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু প্রসঙ্গে এই কথা জানান, তৃণমূল কংগ্রেসের এসসি এবং ওবিসি সেলের রাজ্য সভাপতি তাপস মন্ডল।

আজ পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের এসসি এবং ওবিসি সেলের পক্ষ থেকে শহরের বিদ্যাসাগর হলে আগামী ২১শে জুলাইয়ের শহিদ দিবস উপলক্ষে ধর্মতলা চলো অভিযান নিয়ে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এই সভার উদ্বোধন করেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি তাপস মন্ডল, জেলা সভাপতি সুজয় হাজরা, শহর সভাপতি বিশ্বনাথ, বিধায়ক দীনেন রায়, প্রাক্তন জেলা পরিষদের সদস্য বিকাশ রঞ্জন ভুঁইঞা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা এসসি এবং ওবিসি সেলের জেলা সভাপতি পঞ্চানন দোল‌ই এবং সদর ব্লক সভাপতি টোটন সাসপিল্লি।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাপস মন্ডল জানান, যে দ্রৌপদী মুর্মু কে নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু বিজেপি শুধুমাত্র আদিবাসী ভোট পাওয়ার জন্য দ্রৌপদী মুর্মু’কে প্রার্থী করেছে। উনি জিতলেও আদিবাসীদের কোনো উন্নতি হবে না, উনি বিজেপির এজেন্ডা মতোই কাজ করবেন। আর বিজেপির এজেন্ডা দেশের কোনো ভালো হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *