“স্বপ্ন নয়, বাস্তবায়িত হয়, তাইতো সবাই মোদীকেই বেছে নেয়”, নয়া স্লোগান নিয়ে ভোট ময়দানে নামছে বিজেপি

আমাদের ভারত, ২৩ ডিসেম্বর: সামনেই ২০২৪- এর লোকসভা ভোট। তাই সেকথা মাথায় রেখেই নয়া স্লোগান নিয়ে এলো পদ্ম শিবির। বিজেপির নতুন স্লোগান, “স্বপ্নে নেহি, হাকিকত বনতে হ্যায়, ইসি লিয়ে তো সব মোদী কো চুনতে হে।” স্বপ্ন নয়, বাস্তবায়িত হয়। তাইতো সবাই মোদীকেই বেছে নেয়। হ্যাঁ এটাই আগামী দিনে বিজেপির প্রচারের হাতিয়ার। মোদী ম্যাজিকই বিজেপির সবচেয়ে বড় হাতিয়ার, এই স্লোগান আবারও সেটা স্পষ্ট করে দিল।

সব কা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, এই স্লোগানকে সঙ্গে নিয়েই উনিশে প্রচারে ঝড় তুলেছিল বিজেপি। তার সাথে ছিল মোদীর গ্যারান্টির স্লোগান। এবারের ভোট প্রচারেও যে সেই মোদীর গ্যারান্টি প্রধান অস্ত্র তা দিল্লিতে দু’দিনের পদাধিকারী বৈঠক থেকে স্পষ্ট হয়ে গেছে। তাইতো আগামী লোকসভা ভোটের প্রচারের অভিমুখ বুঝিয়ে দিতে নয়া স্লোগান আনলো পদ্ম শিবির।

দেশজুড়ে হিন্দুত্বের হাওয়া তোলার পাশাপাশি মোদী যে নির্বাচনে পদ্ম শিবিরের প্রধান মুখ তা পদাধিকারী বৈঠকে আরো একবার স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। একই সঙ্গে দুটি বিষয়কে বিজেপির প্রচারে সর্বাধিক অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, মোদী সরকারের ১০ বছরের কাজের খতিয়ান তুলে প্রচার করার কথা বলা হয়েছে। প্রচারে লাগাতার মানুষকে বলতে হবে সরকারি প্রকল্পের কি কি সুবিধা পেয়েছে তারা। বোঝাতে হবে কাউকে বঞ্চিত করা হয়নি। এছাড়াও সরকারের “সবকা সাথ” ঘোষণায়, কথা ও কাজের কোনো ফারাক যে নেই তা বুঝিয়ে দিতে হবে সাধারণ মানুষকে। সোশ্যাল মিডিয়ায় সরকারি সুবিধা ভোগীদের কথা প্রতিদিন প্রচার করতে হবে সব নেতা ও সাংসদের। সরকার গরিব যুব, মহিলা ও কৃষকদের স্বার্থে কাজ করেছে এবং আগামী দিনেও করে যাবে, এই বিষয়টিকে প্রচারের আলোতে আনতে হবে বেশি করে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

দ্বিতীয়, যে বিষয়টি গুরুত্ব দিয়ে প্রচারের জায়গায় আনতে চাইছে পদ্ম শিবির তা হচ্ছে হিন্দুত্ব। কারণ হিন্দুত্বের পথে এগিয়েই মোদী সরকারের সাফল্য এসেছে। হিন্দুত্ব মোদী সরকারের সাফল্যের প্রধান স্তম্ভ। তাই প্রচারে অবশ্যই থাকবে রাম মন্দির। যা কিনা এক্ষেত্রে সব থেকে বড় সাফল্য মোদী সরকারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *