BJP, Barjora, বড়জোড়া আসন দখলে মরিয়া বিজেপি, প্রার্থী বিল্লেশ্বর সিনহার ভোট প্রচার

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩ এপ্রিল: একদা বামেদের দুর্গ বাঁকুড়া জেলার শিল্পাঞ্চল হিসাবে খ্যাত বড়জোড়া আসন দখলে মরিয়া বিজেপি প্রার্থী বিল্লেশ্বর সিংহ। পেশায় আইনজীবী বিল্লেশ্বর স্হানীয় বিজেপি কর্মীদের নিয়ে প্রত্যন্ত অঞ্চলে বাড়ি বাড়ি ঘুরছেন, আশীর্বাদ চাইছেন আমজনতার কাছে। তাঁর কথায়, যেখানেই যাচ্ছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন। অপশাসন থেকে মুক্তি পেতে তারা যেন মরিয়া। তিনি জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত।

একদা বামেদের দুর্গ হিসেবে চিহ্নিত বড়জোড়ায় ছন্দপতন ঘটে ২০১১ সালে। সেই নির্বাচনে সিপিএম প্রার্থী সুস্মিতা বিশ্বাস’কে হারিয়ে জয়ী হন তৃণমূল প্রার্থী আশুতোষ মুখার্জি। সেবার তিনি ৪৭.৬৯ শতাংশ ভোট পান। সেবার বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৩.৫৩ শতাংশ। ২০১৬ সালে বামেরা এই আসনটি পুনরুদ্ধার করে। স্হানীয় প্রার্থী সুজিত চক্রবর্তী তৃণমূলের অভিনেতা প্রার্থী সোহম চক্রবর্তী’কে হারিয়ে দেন। বহিরাগত প্রার্থীর কারণেই পরাজয় বিশ্লেষণ করে তৃণমূল ২০২১ নির্বাচনে স্থানীয় প্রার্থী অলোক মুখার্জির উপর ভরসা করে এই আসনটি তাদের অনুকূলে নিয়ে আসে। এই নির্বাচনে বিজেপির ভোট বাড়ে অবিশ্বাস্য। ৩৩ শতাংশ ভোট পান বিজেপি প্রার্থী সুপ্রীতি চ্যটার্জি। বামেদের ভোট কমে দাঁড়ায় ১১.৫ শতাংশে। ২০২১- এর নির্বাচনে তৃণমূল জয়ী হলেও তাদের ভোট সামান্য হলেও কমে। ০.৬ শতাংশ ভোট কমে যাওয়ায় এবার কোনও রকম ঝুঁকি না নিয়ে এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী গৌতম মিশ্র’কে প্রার্থী করেছে।

একদিকে ভোট কমার প্রবণতা অপরদিকে জেলাজুড়ে তুমুল শাসক বিরোধী হাওয়া। তার উপর গোষ্ঠী দ্বন্দ্বের চোরাস্রোত। এসব হিসাব নিয়ে আশায় বুক বেঁধেছে বিজেপি। কিন্তু অগোছালো সংগঠন নিয়ে শাসক দলের মোকাবেলা কী ভাবে সম্ভব? উৎসাহী বিজেপি কর্মীদের বক্তব্য, এবার গেরুয়া সুনামি আসছে। সেই সুনামিতে শাসক দল উড়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *