আমাদের ভারত, ভাঙড়, ২৬ ফেব্রুয়ারি: তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কাশিপুর থানার অন্তর্গত মঙ্গলপুরে।
আজ শুক্রবার সকালে মঙ্গলপুর তালতলা মোড়ে নিত্যদিনের মতন চায়ের দোকানে ভিড় করেছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। সেই সময় তাদের দলীয় পতাকা পুকুরে পড়ে থাকতে দেখতে পান তাঁরা। অন্যদিকে বিজেপির পতাকা যেমন ছিল তেমন ভাবেই থাকতে দেখেন। এই নিয়েই সাত সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
তৃণমূলের অভিযোগ বৃহস্পতিবার রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর এলাকায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। এই ঘটনায় কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ।
অন্যদিকে বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে ভাঙড় ২ মন্ডল সভাপতি। বিজেপি নেতা পরিতোষ মন্ডলের দাবি, তাঁরা নিজেদের দলীয় পতাকাকে যেমন সম্মান করেন ঠিক, তেমনি অন্যদলের পতাকাকেও সম্মান করেন। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফলেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেন পরিতোষবাবু।

