গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৮ ফেব্রুয়ারি: আলুর দাম বৃদ্ধি এবং বর্ডার দিয়ে বাইরের রাজ্যে আলু পাঠানো বন্ধের দাবিতে হুগলির পুরশুড়া বিধানসভার অন্তর্গত পুরশুড়া মোড়ে শনিবার সকালে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল বিজেপি। মিছিলটি সামন্ত রোড পরিক্রমা করে। যার উদ্যোগ নিয়েছিলেন বিধায়ক বিমান ঘোষ। মিছিল থেকে ‘কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও’ স্লোগান তোলা হয়। বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি একাধিক কৃষক এদিনের কর্মসূচিতে অংশ নেন।
আলুর ন্যায্য দাম না পাওয়ার অভিযোগে রাস্তায় আলু ছড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় পুরশুড়া মোড়ে। এদিনের বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সমস্যায় পড়েন যানচালক ও নিত্যযাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরশুড়া থানার পুলিশ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিজেপি নেতৃত্ব।
বিজেপি বিধায়ক বিমান ঘোষ জানান, আলুর দাম না কমানো হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে দল।

