পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: আজ বিকেলে খড়্গপুর জেলা কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকের আয়োজন করে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি নেতৃত্ব। এদিন রাজ্যস্তরে প্রকাশিত চার্জশিটের পাশাপাশি জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকেও পৃথকভাবে চার্জশিট পেশ করা হয়।

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রাক্তন কেন্দ্রীয় সহ-সভাপতি তথা খড়্গপুর সদর বিধানসভার প্রার্থী দিলীপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি সমিত মন্ডল, খড়্গপুর গ্রামীণ বিধানসভার প্রার্থী তপন ভুঁইঞা এবং দলের অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব।
বৈঠকে রাজ্যের বর্তমান শাসন ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে কড়া সমালোচনা করা হয় এবং জনস্বার্থে একাধিক অভিযোগ তুলে ধরা হয় চার্জশিটে। জেলা নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের সমস্যা, দুর্নীতি, আইন-শৃঙ্খলার অবনতি সহ বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিয়ে এই চার্জশিট প্রস্তুত করা হয়েছে।

নেতৃত্বের বক্তব্য অনুযায়ী, আগামী দিনে এই চার্জশিটের ভিত্তিতেই জনমুখী আন্দোলন গড়ে তোলা হবে এবং মানুষের কাছে সরকারের প্রকৃত চিত্র তুলে ধরা হবে। সাংবাদিক বৈঠকের মাধ্যমে দল তাদের অবস্থান স্পষ্ট করে এবং আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের কর্মসূচির দিকনির্দেশও জানিয়ে দেয়।
এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা শুরু হয়েছে।

