সাথী দাস, পুরুলিয়া, ২৪ এপ্রিল: পুরুলিয়া শহরে পানীয় জল সরবরাহ সচল রাখতে পুর কর্তৃপক্ষকে স্মারকলিপি দিল বিজেপি। আজ পুরুলিয়া পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপারসন ডা: মৃগাঙ্ক মাহাতোর হাতে বিজেপি শহর মন্ডলের একটি প্রতিনিধি দল এই সংক্রান্ত ছয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন। ওই স্মারকলিপিতে পুরুলিয়া শহরে প্রয়োজন মতো সব জায়গায় জল সরবরাহ না হওয়ার অভিযোগ ছাড়াও জলে দুর্গন্ধ ও নোংরা থাকারও জোরালো অভিযোগ করা হয়। এছাড়া রাস্তার কলগুলিতে জলের অপচয় রুখতে লক লাগানোর ব্যবস্থার দাবি জানানো হয়। প্রয়োজনীয় টাকা দেওয়া সত্ত্বেও বাড়িতে জলের সংযোগ পাননি পুরবাসীর একাংশ। দ্রুত সমাধানের ব্যবস্থার আর্জি জানানো হয় স্মারকলিপিতে।
কোভিড পরিস্থিতিতে পুরসভার রাস্তাগুলোতে ঠিকমতো জীবাণুনাশক তরল স্প্রে করার দাবি জানান বিজেপির ওই প্রতিনিধি দল। ওই দলের নেতৃত্বে থাকা সত্যজিৎ অধিকারী বলেন, “পুরসভার পানীয় জল সরবরাহ নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা। কোথাও নোংরা জল দেখা যাচ্ছে। গ্রীষ্মে পুরুলিয়ার শহরবাসী প্রচণ্ড সমস্যায় পড়েছেন। আমাদের সব দাবিগুলিই শুনেছেন পুর সভার চেয়ারপার্সন। তিনি সমাধানের আশ্বাস দিয়েছেন।”

মূলত কাঁসাই নদী থেকেই পুরুলিয়া শহরে পানীয় জল সরবরাহ হয়। নদী গর্ভে জলস্তর হু হু করে নেমে যাওয়ায় জল সঙ্কট দেখা দিয়েছে। পরিকল্পনার অভাবে মুখ থুবড়ে পড়েছে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেটের জল প্রকল্প। কার্যত কোটি কোটি টাকা জলে ভেসে গেছে। পুর সভার পুরনো পরিকাঠামো ও ব্যবস্থায় জোড়া তালি দিয়ে জল পরিষেবা চলছে বলে সূত্রে জানা গিয়েছে। এই অবস্থায় মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেটের দায়িত্বে থাকা বাস্তুকাররা নিজেদের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

