সাথী দাস, পুরুলিয়া, ৩০ অক্টোবর: পুলিশের বাধা সরিয়ে পুরুলিয়ায় মিছিল করল বিজেপি। কেন্দ্রীয় সরকারের টিকাকরণে সাফল্য জনসমক্ষে তুলে ধরতে উদ্যোগী হয় পুরুলিয়া জেলা বিজেপি। আজ এই লক্ষ্যে পুরুলিয়া শহরে মিছিল ও পথসভা করল তারা। সাংসদ এবং দলের বঙ্গ সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতকে সামনে রেখে মিছিল করে জেলা বিজেপি। প্রচুর পুলিশ মোতায়েনের মধ্যেই পুরুলিয়া শহরের জুবিলি ময়দান থেকে মিছিল শুরু করে বিজেপি। শুরুতেই পুলিশের পদস্থ আধিকারিক ও বাহিনী মিছিল না করার জন্য বিজেপিকে নিষেধ করেন। জোর করে মিছিল করতে গিয়ে পুলিশ ও বিজেপির মধ্যে বচসা হয়। দুই পক্ষে ঠেলাঠেলি হয়। শেষ পর্যন্ত পুলিশ সরে যাওয়ার মিছিল গন্তব্যস্থলের দিকে রওনা দেয়।

শহরের রাস্তার একাংশ ঘুরে স্থানীয় ট্যাক্সি স্ট্যান্ডে মিছিল শেষ হয়। তারপর সেখানেই একটি পথ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা কেন্দ্রের করোনা প্রতিষেধক ১০০ কোটি মানুষের দেওয়ার ক্ষেত্রে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের ভূমিকার সমালোচনা করেন তাঁরা। বক্তব্য রাখেন সাংসদ বিজেপি নেতা গৌতম রায়, বিবেক রাঙ্গা, বিধায়ক সুদীপ মুখার্জি, নরহরি মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব।


