সাথী দাস, পুরুলিয়া, ৭ জুলাই: সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে পুরুলিয়া সদর থানায় অভিযোগ করল জেলা বিজেপি। আজ পুরুলিয়া সদর থানায় দলীয় কার্যকর্তাদের সঙ্গে থানায় যান বিজেপি জেলা সভাপতি বিবেক রাঙা। ওই অভিযোগ পত্রে সাংসদ মহুয়া মৈত্রের টুইটারে হিন্দু দেবী মা কালী সম্পর্কে করা মন্তব্যের প্রতিবাদ করা হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত ও অমর্যাদা বলে মনে করেন বিজেপি জেলা সভাপতি। মহুয়া মৈত্রের উদ্দেশ্য প্রণোদিত অভিসন্ধীমূলক সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী মন্তব্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। এছাড়া এই অভিযোগ পত্রকে এফআইআর হিসেবে বিবেচনা করার দাবি জানানো হয়।

প্রসঙ্গত, লীনা মানিমেকালাইয়ের তথ্যচিত্রের একটি পোস্টারে দেবী কালী রূপে এক মহিলাকে ধূমপান করতে দেখা গিয়েছে। যা নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়। দেবী কালীর ওই ছবির পোস্টার সংক্রান্ত প্রশ্নেই মন্তব্য করেন সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র বলেছিলেন, ‘ঈশ্বর নিয়ে নানা মানুষের নানা রকম মত রয়েছে। আপনি ভুটান বা সিকিমে গেলে দেখবেন ঈশ্বরকে সকালের পুজোয় হুইস্কি দেওয়া হয়। উত্তরপ্রদেশে গিয়ে যদি বলেন, প্রসাদ হিসেবে হুইস্কি দেওয়া হচ্ছে, লোকে আঁতকে উঠবেন। আমার কাছে কালী মাংসভোজী, অ্যালকোহল খান এমন দেবী। তারাপীঠে গেলে দেখবেন সাধুরা ধূমপান করছেন। কালীর এই রূপকে আমরা পুজো করি।’ তিনি আরও বলেন, ‘হিন্দু ধর্মে নিজের মতো করে কালীকে কল্পনা করার স্বাধীনতা রয়েছে। এই স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারে না। ঠিক যেমনভাবে আপনি নিজের ঈশ্বরকে নিরামিষভোজী, সাদা কাপড় পরিয়ে আরাধনা করতে পারেন।’ এরপরই তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়।

