ভোটের পর প্রাণ বাঁচাতে বিজেপিকে পালাতে হয়েছিল, এবার ঘরছাড়া হবে তৃণমূল, কটাক্ষ শুভেন্দুর

আমাদের ভারত, ২ সেপ্টেম্বর:
ভোট পরবর্তী হিংসার মামলার তদন্ত শুরু করে দিয়েছে সিবিআই। যদিও এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এতেই তৃণমূলের চুড়ান্ত সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, সিবিআই তদন্ত শুরু করেছে এবার ঘরছাড়া হবে তৃণমূল।”

কলকাতা হাইকোর্ট বাংলার ভোট পরবর্তী হিংসার ঘটনা তদন্ত সিবিআইয়ের কাঁধে তুলে দিয়েছে। আর এতেই কেঁপে গেছে তৃণমূলের ভীত, বলে দাবি শুভেন্দু অধিকারীর। তাঁর কথায়, ভোটের পর যেভাবে বিজেপির কর্মী সমর্থকদের ঘরছাড়া হতে হয়েছিল এখন ঠিক তার উল্টোটা হচ্ছে। তৃণমূলের নেতা আর হার্মদরা এখন ঘরছাড়া হতে শুরু করেছেন। সিবিআই দেখেই তারা ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছেন।

যদিও শুভেন্দুর এই মন্তব্যের পাল্টা দিতে গিয়ে তৃণমূল দাবি করেছে, বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। শুভেন্দু অধিকারীর কথায় সেটা প্রমাণ হয়ে যায়। কুনাল ঘোষ বলেছেন, “২০০ আসনে জয়ী হবে বলে যেবড় বড় ডায়লগ দিয়েছিল সেই গ্যাস বেলুনে সেফটিপিন দিয়ে দিয়েছে বাংলার মানুষ। কিন্তু তার পরেও এদের লজ্জা নেই।”

প্রসঙ্গত উল্লেখ্য ভোট-পরবর্তী হিংসার একাধিক ঘটনা খতিয়ে দেখে জেলায় জেলায় ঘুরে জাতীয় মানবাধিকার কমিশন একটি রিপোর্ট তৈরি করে হাইকোর্টে জমা দিয়েছিল। সেই রিপোর্টের ভিত্তিতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *