BJP, Ranaghat, TMC, লক্ষ্মীর ভান্ডারের বিরুদ্ধে প্রচারে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে স্বস্তিকা ভুবনেশ্বরীকে প্রার্থী চাইছে বিজেপি কর্মীরা

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ ফেব্রুয়ারি: লক্ষ্মীর ভান্ডারে ভাতা বৃদ্ধির ইস্যুকে ভোঁতা করতে বিজেপির হাতিয়ার হতে পারেন স্বস্তিকা ভুবনেশ্বরি! উপনির্বাচনে জয়ী হওয়ার পর রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারীকে প্রার্থী করছে তৃণমূল ভবন। তৃণমূলের চিকিৎসক প্রার্থীকে আটকাতে বিজেপির বাজি হতে পারেন ভুবনেশ্বরী দেবী। নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলা নেতার কথায়, তৃণমূলের মহিলা ভোটে ভাগ বসাতে হবে বিজেপিকে। লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে মহিলা ভোট টানতে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

তাই তৃণমূলকে পাল্টা বিপদে ফেলতে স্বস্তিকা ভুবনেশ্বরীর প্রচার চাইছেন জেলা বিজেপির নেতাদের একাংশ। প্রসঙ্গত, স্বস্তিকা তৃণমূল বিধায়ক মুকুটের প্রাক্তন স্ত্রী। যৌতুক চাওয়ার অভিযোগে তৃণমূল বিধায়কের প্রাক্তন স্ত্রী আদালতের দ্বারস্থ হয়েছেন। নির্যাতনের অভিযোগ এনে মুকুটের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তিনি। বর্তমানে মামলাগুলি আদালতের বিচারাধীন বিষয়।

যৌতুক মামলা ও নারী নির্যাতনের অভিযোগগুলি প্রকাশ্যে আনলে নতুন প্রজন্মের মহিলা ভোটারদের প্রভাবিত করা যাবে। স্বস্তিকা নতুন প্রজন্মের প্রার্থী। তাই এই ক্ষেত্রে নতুন মহিলা ভোটারদের কাছে মুকুট সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হবে। বিজেপির এক নেতার কথায়, আমরা বলতে পারবো তৃণমূল মহিলাদের সম্মান করে না। বরং মহিলা ভোট কিনতেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ চালু করেছে। আর জি কর কান্ড থেকে গ্রামের সাধারণ মহিলারা নারী নির্যাতন নিয়ে বিচার পায় না। আর তার সব থেকে ভালো বিজ্ঞাপন হতে পারে জেলা বিজেপি কিষাণ মোর্চার সহ-সভাপতি ভুবনেশ্বরী স্বস্তিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *