আমাদের ভারত, হুগলী, ২ নভেম্বর: গ্রামের নাম দেওয়া হয়েছে মোদী পাড়া। আজ সকালে ঘুম থেকে উঠে লোকজন দেখে যে এলাকায় বড় বড় ফ্লেক্স লাগানো রয়েছে। ফ্লেক্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়া এবং তার তলায় লেখা আছে মোদী পাড়া। তারকেশ্বরের আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েতের আস্তারা গ্রামের ঘটনা।
গোটা গ্রাম জুড়ে লাগানো হয়েছে প্রধান মন্ত্রীর ফ্লেক্স এবং বিজেপির ব্যানার। প্রতিটি ব্যানারে লেখা আছে মোদী পাড়া। আর এই আস্তারা গ্রামে মোদী পাড়া লেখা ব্যানার লাগানো নিয়ে শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের মধ্যে বিতর্ক। তৃণমূলের অভিযোগ, এলাকাকে অশান্ত করতে এবং এলাকায় মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে এ ধরনের ঘটনা ঘটিয়েছে বিজেপি।
আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আনন্দ মোহন ঘোষ বলেন, এই গ্রাম বিশিষ্ট চিকিৎসক শঙ্কর বেড়ার গ্রাম। এই গ্রাম বিশিষ্ট ফুটবলার শ্যাম মান্নার গ্রাম। তাদের নামে পাড়া বা গ্রামের নাম হলে অনেকেই আনন্দিত হত। কোনও দল যদি তাদের প্রচার কদর্য ভাবে করে সেটা মানুষ বুঝবে, মানুষ বিচার করবে। রাতের অন্ধকারে লাগানো হয়েছে এই ব্যানার, তবে তৃণমূলের কোনও নেতা কর্মী, বিজেপির এই প্ররোচনায় পা দেয়নি বা দেবেও না। কারণ সেই শিক্ষা তৃণমূলের নেই।

