গুজরাট মডেলের মাচ্চু নদীর সেতুর মতোই ২০২৪- এ মুখ থুবড়ে পড়বে বিজেপি সরকার: মানস ভুঁইঞা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
২ নভেম্বর: গুজরাট মডেলের মাচ্চু নদীর সেতুর মতোই ২০২৪ এ মুখ থুবড়ে পড়বে বিজেপি সরকার। মঙ্গলবার ডেবরায় তৃণমূলের বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে এভাবেই বিজেপিকে আক্রমন করলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা।  

মন্ত্রী জানান, হিমাচল প্রদেশ ও গুজরাট ভোটের আগে ঢাক ঢোল পিটিয়ে নিজেদের গুজরাট মডেলের উন্নয়নকে তুলে ধরতে চেয়েছিল বিজেপি সরকার। তাঁর প্রশ্ন, ফল কি হল? দেড় শতাধিক মানুষের জীবন হানি? এটাই তুলে ধরতে চেয়েছেন প্রধানমন্ত্রী? তিনি মনে করিয়ে দেন, এক দশক আগেই দেশের মানুষকে এবং সমস্ত রাজনৈতিক দলকে গুজরাট মডেল নিয়ে সাবধান করছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তখন কেউ বিশ্বাস করেছিলেন? অনেকে বিশ্বাস করেননি। এখন তাঁরা মানছেন উনি ঠিক বলেছিলেন।  

মানসের বাবুর কথায়, মমতা ব্যানার্জি মানুষের চোখের জলের প্রতীক। মানবিকতার মুখ। উন্নয়নের মানদণ্ড আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন তিনি মনুষ্যত্বকে, গণতন্ত্রকে বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছেন। বিজেপির অগণত্রান্ত্রিক, ধর্মান্ধ, ভারত ভাঙ্গার রাজনীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। 

দলীয় নেতা কর্মীদের উদেশ্যে তিনি বলেন, সামনে কঠিন লড়াই। তৈরী হয়ে যান। নিজের বুথকে শক্তিশালী করুন।রাজ্যের মানবিক সরকার, দুয়ারে সরকার, পাড়ায় সমাধানের মাধ্যমে মানুষের কাছে সবকিছু পৌঁছে দিচ্ছেন।  
আজকের সম্মেলনে উপস্থিত ছিলেন ঘাটাল লোকসভার সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী (দেব) প্রতিমন্ত্রী শিউলি সাহা, বিধায়ক হুমায়ুন কবির, অজিত মাইতি, বিধায়িক মমতা ভুইঁঞা, ঘাটালের সংগঠনিক সভাপতি আশীষ হুদাইত, চেয়ারম্যান অমল পান্ডা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *