নির্বাচন কমিশনের কাছে নন্দীগ্রামে বিরুলিয়ার ঘটনার ভিডিও ক্লিপিং অবিলম্বে প্রকাশ করার দাবি জানালো বিজেপি

আমাদের ভারত, ১১ মার্চ:নন্দীগ্রামের বিরুলিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত হোক। এই দাবি জানিয়ে আজ নির্বাচন কমিশনে গিয়েছিলেন বিজেপির প্রতিনিধি শিশির বাজুরিয়া ও সব্যসাচী দত্ত। তারা দাবি করেছেন ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনা হোক।

বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামের বারুলিয়া বাজারে তার ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এই হামলার পেছনে বিজেপির হাত রয়েছে বলে দাবি করেছে তৃণমূল। এবার সেই ঘটনার বিস্তারিত তদন্তের দাবি করলেন বিজেপি প্রতিনিধিরা।

নির্বাচন কমিশনের দপ্তর থেকে বেরিয়ে সব্যসাচির দত্ত বলেন, “ঘটনার সময় তোলা ভিডিও ক্লিপিং অবিলম্বে প্রকাশ করা হোক। যে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই ঘটনা ঘটে তখন অনেক সংবাদমাধ্যম সেখানে উপস্থিত ছিল। এমনকি তার নিজের লোকেরাও উপস্থিত ছিলেন। তাদের কিংবা সংবাদমাধ্যমে তোলা সমস্ত ফুটেজ প্রকাশ করা হোক। না হলে গোটা ঘটনার দায় বর্তাবে নির্বাচন কমিশনের ওপর। যে রাজ্যের মুখ্যমন্ত্রী সুরক্ষিত নয় ,সেখানে বাকি নাগরিকদের কি অবস্থা হবে? ” তিনি আরোও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক বয়স হয়েছে। তার নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত। আমরা চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।”

বুধবারই সংবাদমাধ্যমে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত চান তারা। কারা মুখ্যমন্ত্রীর উপর হামলা করল তাদের চিহ্নিত করে দ্রুত শাস্তি দেওয়ার দাবি তুলেছেন তারা। এরপর বৃহস্পতিবার কমিশনের কাছে লিখিতভাবে উচ্চপর্যায়ের তদন্তের দাবি বিজেপি। শিশির বাজুরিয়া প্রশ্ন তোলেন, চারজন নিরাপত্তাকর্মী কেন মুখ্যমন্ত্রীকে রক্ষা করতে পারলেন না? তাদের অবিলম্বে সাসপেন্ড করা হোক। তার শারীরিক অবস্থা এতটা খারাপ হওয়ার পরেও কেন অ্যাম্বুলেন্স ব্যবহার করা হলো না? কনভয়ে যে অ্যাম্বুলেন্স থাকে সেটা কোথায় ছিল?

এদিকে বিজেপির আগেই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। তৃণমূলের প্রতিনিধিদলে ছিল রাজ্যের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্য। তাদের দাবি মমতার ওপর হামলার পূর্বাভাস ছিলই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *