আমাদের ভারত, ৩ মে: আব কি বার মোদী সরকার। মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। গত দু’বারের লোকসভা ভোটে এই মোদী কেন্দ্রিক স্লোগান ইউএসপি হয়েছে বিজেপির। প্রত্যেক বার ভোটের ময়দানে জনপ্রিয় এই স্লোগানের হাত ধরে লড়াই জিতেছে পদ্ম শিবির। ২০১৯ হোক বা ২০১৪, প্রবল জনপ্রিয় স্লোগানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে বিজেপির ক্ষমতা দখলে। একথা স্বীকার করেছেন বিরোধীরা। আর আগামী ২৪-এর লোকসভা নির্বাচনেও তেমনই আকর্ষণীয় স্লোগানের হদিস পেয়ে গেল পদ্ম শিবির। সেই স্লোগানের জন্ম হলো বার্লিনে।
ইউরোপ সফরে গিয়ে সোমবার বার্লিনে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদী। প্রত্যাশিতভাবেই সেই অনুষ্ঠানে মোদীকে ঘিরে প্রবাসী ভারতীয়দের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানস্থলে মোদী প্রবেশ করতেই প্রবাসী ভারতীয়রা স্লোগান দিতে শুরু করেন “টোয়েন্টি টোয়েন্টি ফোর, মোদী ওয়ান্স মোর” অর্থাৎ ২০২৪-এ আরো একবার মোদী।
রাজনৈতিক মহলের একাংশের ধারণা ইংরেজি শব্দের এই স্লোগান আগামী দিনে দেশের মানুষের মন জয় করার অস্ত্র হয়ে উঠতে পারে। প্রবাসী ভারতীয়দের মধ্যে নরেন্দ্র মোদী অত্যন্ত জনপ্রিয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রবাসীদের একটা বড় অংশ মনে করে মোদীর আমলে ভারতের সম্মান বেড়েছে। দেশের বাইরে দেশের নেতার এই জয়গান দেশের ভোট ব্যাঙ্কে যে প্রভাব ফেলে তার প্রমাণ আগেই মিলেছে।
বার্লিনে প্রবাসী ভারতীয়দের মধ্যে থেকে উঠে আসা “টোয়েন্টি টোয়েন্টি ফোর, মোদী ওয়ান্স মোর” স্লোগানটি ২০২৪-এর নির্বাচনী স্লোগানের অন্যতম হয়ে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ মোদী ম্যাজিককে কাজে লাগিয়ে বিজেপি ভোট বৈতরণী পার করে আসছে। লোকসভা নির্বাচনের সাথে রাজ্য বিধানসভার লড়াইতে মোদী ম্যাজিক জয় হাসিলের অন্যতম চাবিকাঠি পদ্মশিবিরের। বিজেপির আভ্যন্তরীণ রাজনীতিতে বড় কোনো বদল না হলে ২৪-এও মোদীকে সামনে রেখেই ভোট ময়দানে নামতে চলেছে বিজেপি। আর সেই মিশনে বার্লিনে প্রবাসী ভারতীয়দের মধ্যে থেকে উঠে আসা “টোয়েন্টি টোয়েন্টি ফোর মোদী ওয়ান্স মোর” স্লোগানটি হতে চলেছে অন্যতম হাতিয়ার বলে মনে করছেন রাজনৈতিক মহল।

