রাতের অন্ধকারে বিজেপির ফ্ল্যাগ- ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ, চাঞ্চল্য ইটাহারের মহাশুন্ডা এলাকায়

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ জুন: পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের ৪৬ নম্বর বুথের মহাশুন্ডা এলাকায়।

জানা গিয়েছে, ইটাহার ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের মহাশুণ্ডা এলাকায় বিজেপি প্রার্থীদের সমর্থনে ফ্ল্যাগ, ফেস্টুন ও ব্যানার লাগান বিজেপি কর্মীরা। রাত ৯টা নাগাদ এই কাজ সেরে বাড়ি ফেরেন তারা। অভিযোগ এরপরেই দলীয় ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার ছিঁড়ে ফেলে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। শনিবার সকালে জঙ্গল ও ঝোপঝাড়ে দলীয় পতাকা পড়ে থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন দলীয় নেতা কর্মীরা। শুরু হয় বিক্ষোভ।

বিজেপি নেতা পার্থ ভারতীর অভিযোগ, নির্বাচনে হেরে যাওয়ার ভয়েই রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা দলের প্রায় ৭০০ থেকে ৮০০ ফ্ল্যাগ এবং প্রায় ১০০ ফেস্টুন, ব্যানার খুলে ফেলে দেয়। নির্বাচনে পরাজয়ের আতঙ্কে এই কাজ করেছে শাসক দল। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির পায়ের তলায় মাটি নেই। মানুষ আমাদের সঙ্গেই রয়েছে। তাই হারার ভয়েই আতঙ্কে এসব ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *