আমাদের ভারত, ১৯ জানুয়ারি: জেপি নাড্ডার উত্তরসূরিকে খুঁজে নিল পদ্ম শিবির। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের জাতীয় সভাপতি হতে চলেছেন নীতিন নবীন। বিজেপি সভাপতি নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল সোমবার। এদিন পর্যন্ত নীতিন নবীন ছাড়া আর কারো নামে প্রস্তাব দেওয়া হয়নি। এর ফলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই দলের শীর্ষ পদে বসতে চলেছেন তিনি।
দলের সর্বকনিষ্ঠ সর্বভারতীয় সভাপতি হতে চলেছেন ৪৫ বছরের নীতিন। ২০১৫ সালের ১৪ ডিসেম্বর তাকে জাতীয় কার্যনির্বাহী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়। পদ্ম শিবিরের দ্বাদশ জাতীয় সভাপতি হিসেবে জেপি নাড্ডার ছেড়ে যাওয়ার পদে বসছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শীর্ষ নেতারা সকলেই তাকে সমর্থন করেছেন।
বিজেপির সংগঠন পর্বে জাতীয় রিটার্নিং অফিসার ডঃ কে লক্ষ্মণ প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছেন, মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর জাতীয় সভাপতির জন্য শুধুমাত্র তার নাম প্রস্তাব করা হয়েছিল। তিনি আরো জানিয়েছেন, ৩৬টি রাজ্যের মধ্যে ৩০টি রাজ্যের রাজ্য সভাপতি নির্বাচন সম্পন্ন হওয়ার পর বিজেপির জাতীয় সভাপতির নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। ১৬ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। ভোটার তালিকা প্রকাশ হয়।
সূচি অনুযায়ী সোমবার ১৯ জানুয়ারি ২০২৬ দুপুর ২টো থেকে বিকেল চারটের মধ্যে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জাতীয় সভাপতির জন্য নবীনের পক্ষে মোট ৩৭টি মনোনয়ন পত্র পড়েছে। যাচাইয়ের পর সব মনোনয়ন সঠিকভাবে পূরণ করা হয়েছে এবং বৈধ বলে প্রমাণিত হয়েছে।
বিজেপির জাতীয় সভাপতি দলের জাতীয় পরিষদ ও রাজ্য পরিষদ গুলির প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি নির্বাচকমণ্ডলীর মাধ্যমে নির্বাচিত হন। এই প্রক্রিয়াটি দলের জাতীয় রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে করা হয়। বিজেপি সংবিধান অনুযায়ী কোনো রাজ্যের নির্বাচিত মন্ডলীর যে কোনো ২০জন সদস্য মিলে এমন একজন ব্যক্তির নাম জাতীয় সভাপতির পদের জন্য প্রস্তাব করতে পারেন, যিনি চার মেয়াদে সক্রিয় সদস্য ছিলেন এবং ১৫ বছরের সদস্যপদ রয়েছে। তবে বলা হয়েছে এই ধরনের একটি যৌথ প্রস্তাব অবশ্যই এমন কমপক্ষে পাঁচটি রাজ্য থেকে আসতে হবে যেখানে জাতীয় পরিষদের জন্য নির্বাচন সম্পন্ন হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি, শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ছাড়াও ভূপেন্দ্র যাদব কিরণ রিজিজুর মতো কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে নাড্ডা ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে নীতিনের মনোনয়নপত্রের একটি সেট জমা দেন। পরে অরুণাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ড এবং অন্যান্য রাজ্য নেতারা গত মাসে কার্যনির্বাহী সভাপতি হিসেবে নিযুক্ত নীতিনের সমর্থনে আরো একটি সেট মনোনয়নপত্র জমা দেন। বিহার, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, অসম, ঝাড়খন্ড এবং অন্যান্য রাজ্যের নেতারা নীতিনকে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, পুষ্কর সিং ধামীও উপস্থিত ছিলেন।

