আমাদের ভারত, ৪ ফেব্রুয়ারি: কলকাতার মেট্রো প্রকল্পের রূপায়ণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র অ্যাডভোকেট দেবজিত সরকার।
বুধবার সল্টলেক বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মাত্র ৩৬৬ মিটার রুটে স্তম্ভ বসানোর জন্য রাতের বেলা সপ্তাহান্তে অল্প সময়ের ট্রাফিক ব্লক প্রয়োজন। কিন্তু রাজ্য প্রশাসনের অসহযোগিতায় কাজ আটকে আছে।
দেবজিত সরকারের দাবি, কলকাতা হাইকোর্টের ২৩ ডিসেম্বর ২০২৫-এর স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার ও কলকাতা পুলিশ তা কার্যকর করেনি। ফলে কোর্ট অবমাননার নোটিশ জারি হয়েছে বলেও তিনি জানান।
দেবজিত সরকার বলেন, পশ্চিমবঙ্গবাসী এই পরিস্থিতি দেখে আস্থা হারিয়েছেন। বিজেপি রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়ে এই দুর্নীতি, দুষ্কৃতি ও প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং প্রতিটি বিষয় যথাযথভাবে আদালত ও জনতার সামনে তুলে ধরবে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একই ছবি—উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত আইনশৃঙ্খলার সম্পূর্ণ ভাঙন ঘটেছে এবং কার্যত প্রশাসন বলে কিছু নেই।

